২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন মেয়র মহিউদ্দীন

পদ ছাড়ার তিন বছর পার না হলে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না- নির্বাচনে কমিশনের এ সিদ্ধান্ত মেয়র মহিউদ্দীনের ক্ষেত্রে ৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 11:49 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ ছাড়ার তিন বছর পার না হলে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না- নির্বাচনে কমিশনের এ সিদ্ধান্ত মেয়র মহিউদ্দীনের ক্ষেত্রে ৩ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চ মেয়র মহিউদ্দীনের রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নির্বাচন কমিশনের এ সম্পর্কিত সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে তার জবাব দিতে বলা হয়েছে। আদেশের পর মেয়রের আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্টের এ আদেশের ফলে মেয়র মহিউদ্দীন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন।" এর আগে আদালতে শুনানিতে তিনি বলেন, "মেয়রের পদ কোনো লাভজনক পদ নয়। লাভজনক পদের সংজ্ঞায় মেয়রদের পদ পড়ে না। লাভজনক পদের নামে মেয়রদের অযোগ্য ঘোষণার মাপকাঠি ঠিক নয়।" গত ১৭ নভেম্বর মেয়াদ শেষ হওয়ার পর তিন বছর পার না হলে মেয়ররা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেয়র মহিউদ্দীন। মেয়রের পক্ষে শুনানি করেন আব্দুল বাসেত মজুমদার, তাকে সাহায্য করেন অজয় সঙ্কর ভৌমিক। এর আগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা একই ধরনের একটি রিট করলে গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কার্যকারীতা স্থগিত করা হয়েছিলো। রোববার একই আদালত আগামী ৩ ডিসেম্বর মেয়র খোকার রিটটির ওপর শুনানির দিন ধার্য করেছে। গত ২৩ নভেম্বর সাদেক হোসেন খোকা এ রিট করেন। সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারা অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র বা কমিশনার লাভজনক পদে থাকায় তারা পদত্যাগের পর তিন বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/জিএনএ/১৭৪২ঘ.