ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন নির্বাচনে বেশ কয়জন নারীকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এসব প্রার্থীর বেশিরভাগের পরিচয় তারা দণ্ডিত বা বর্তমানে কারা অন্তরীণ সাবেক মন্ত্রী-সাংসদদের স্ত্রী বা মেয়ে।
এদের মধ্যে আছেন, নাটোর- ২ আসনে রুহুল কুদ্দুস তালকুদারের স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি, কুমিল্লা- ৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর স্ত্রী মাজেদা আহসান মুন্সী, ঢাকা- ২ আসনে আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমান, ঢাকা- ৮ আসনে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, সিরাজগঞ্জ- ২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমদু, ঢাকা- ৭ আসনে নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনা, মানিকগঞ্জ- ২ আসনে হারুন অর রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা, কক্সবাজার- ১ আসনে সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ সালাহউদ্দিন।
তবে এর বাইরে মনোনয়ন পেয়েছেন বরিশাল- ৩ আসন থেকে সেলিমা রহমান, জামালপুর- ১ আসনে বিএনপির স্থানীয় নেত্রী সাহিদা আক্তার রিতা, ঝালকাঠি- ২ আসনে ইসমত সুলতানা ইলেন ভূট্টো ও মাদারীপুর- ২ আসন থেকে হেলেন জেরিন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২১৪০ ঘ.
bdnews24