ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনে ১৪টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ।
শনিবার রাত পর্যন্ত মেহেরপুর-২, রাজশাহী-৫, জামালপুর-১, নাটোর-৩, দিনাজপুর-৬, ঝিনাইদহ-৪, নেত্রকোণা-২, নেত্রকোণা-৪, জয়পুরহাট-১ এবং ঝিনাইদহ-৩ আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
এর আগে শুক্রবার পিরোজপুর-২, রাজশাহী-২, কক্সবাজার-৪ এবং মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী পরিবর্তন করা হয়।
পরিবর্তিত প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
রাজশাহী-৫ আসনে আব্দুল ওয়াদুদ দারার পরিবর্তে তাজুল ইসলাম ফারুককে; মেহেরপুর-২ আসনে আব্দুল খালেকের পরিবর্তে মকবুল আহমেদকে; জামালপুর-১ আসনে আবুল কালাম আজাদের পরিবর্তে ইশতিয়াক আহমেদকে; নাটোর-৩ এ হানিফ আলী শেখের পরিবর্তে জুনায়েদ আহমেদ পলককে; দিনাজপুর-৬ আসনে আবু হানিফ সরকারের পরিবর্তে আজিজুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ঝিনাইদহ-৪ আসনে আব্দুল মান্নানের পরিবর্তে আনোয়ারুল আজিম আনার, নেত্রকোণা-২ আসনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নূর খানের পরিবর্তে আলী আশরাফ খান খসরুকে; জয়পুরহাট-১ আসনে অধ্যক্ষ খাজা শামসুল ইসলামের পরিবর্তে পাঁচবিবি পৌরসভার চেয়ারম্যান শামসুল আলম দুদুকে; ঝিনাইদহ-৩ আসনে নবী নেওয়াজের পরিবর্তে অ্যাডভোকেট শফিকুল আজম খানকে এবং নেত্রকোণা-৪ আসনে রেবেকা মোমেনের পরিবর্তে শফি আহম্মেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
শুক্রবার পিরোজপুর-২ আসনে হাবিবুর রহমান শেখের পরিবর্তে অধ্যক্ষ শাহ আলমকে; রাজশাহী-২ আসনে আখতারী জাহানের পরিবর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. আব্দুল খালেককে; কক্সবাজার-৪ আসনে অধ্যাপক মোহাম্মদ আলীর পরিবর্তে আব্দুর রহমান বদিকে এবং মানিকগঞ্জ-২ আসনে শামসুদ্দীন আহমেদের পরিবর্তে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুলকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়।
অধ্যক্ষ শাহ আলম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পিরোজপুর-২ আসনের মনোনয়ন সংক্রান্ত চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
চিঠি পেয়ে বিকেলেই শাহ আলম তার কর্মী-সমর্থকদের নিয়ে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রার্থীদের চিঠি দেওয়ার প্রথম দিনই হাবিবুর রহমান শেখকে পিরোজপুর-২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয়। তখন থেকেই শাহ আলমের সমর্থক নেতা-কর্মীরা সুধা সদনের সামনে বিক্ষোভ করে আসছিলেন। এক পর্যায়ে তার সমর্থকরা পর পর দু'দিন সুধা সদনের সামনে অনশনও করেন। পরে শেখ হাসিনা শাহ আলমের কর্মী সমর্থকদের আশ্বস্ত করেছিলেন যে তার বিষয়টি দলের পক্ষ থেকে পুনর্বিবেচনা করা হবে।
রাজশাহী-২ আসনে আখতারী জাহানের পরিবর্তে মনোনয়ন পাওয়া সাবেক উপাচার্য আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "তৃণমূলের মতামতে আমি এক নম্বর ছিলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এজে/জিএনএ/১৯১১ ঘ.
bdnews24