২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. মিলনের অষ্টাদশ শাহাদাৎবার্ষিকী পালিত

'৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দালনে নিহত ডা. শামসুল আলম খান মিলনের অষ্টাদশ শাহাদাৎবার্ষিকী বৃহস্পতিবার পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 06:56 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দালনে নিহত ডা. শামসুল আলম খান মিলনের অষ্টাদশ শাহাদাৎবার্ষিকী বৃহস্পতিবার পালিত হয়েছে। বিভিন্ন সংগঠন আলাদা কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে পালন করেছে 'শহীদ মিলন দিবস' হিসেবে। সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিলন স্মৃতি স্তম্ভে এবং ঢাকা মেডিকেল কলেজ চত্বরে মিলনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, "মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এখনও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।" মিলন হত্যার বিচারের দাবিতে বিএমএ নেতাদের নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। মিলনের মা সেলিনা আক্তার বলেন, "যে স্বৈরাচারের জন্য মিলনকে প্রাণ দিতে হলো, তাকে দলে পেতে আজ রাজনৈতিক দলগুলো টানাটানি করছে। এটা বন্ধ করতে হবে।" গণতন্ত্রের নামে পতিত স্বৈরাচারকে নতুন করে প্রতিষ্ঠা না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বিএমএ সভাপতি ডা. এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএমএ'র সাবেক সভাপতি ডা. এম এ মাজেদ, ডা. রশিদ-ই-মাহবুব, বিএমএ নেতা ডা. মোস্তাক জহির স্বপন, ডা. মো. আব্দুস সালাম, ডা. হারুন অর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন। বিকেলে টিএসসি এলাকায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) উদ্যোগে আরেকটি আলোচনা সভা হয়। ১৮ বছর আগে ১৯৯০ এর ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাস্তায় স্বৈরাচারী এরশাদ সরকারের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের তখনকার যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন। মিলনের মৃত্যুর পর স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। এতে এরশাদ সরকারের পতন ত্বরান্বিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/ডিডি/জেকে/০০২০ ঘ.