ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বৃহস্পতিবার বলেছেন, জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন (ইসি)এখন পর্যন্ত কোনো চিঠি বা আনুষ্ঠানিক অনুরোধ করেনি।
নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে বাংলাদেশে আসা জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে নিজের কার্যালয়ে এক বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে গত রোববার পুনর্নির্ধারিত তফসিল ঘোষণার সময় সিইসি এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেছিলেন, তিনি জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করবেন।
এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা বৃহস্পতিবার জানান, সরকার ইসির কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি।
জরুরি অবস্থা প্রত্যাহার না করার কারণ জানতে চাইলে আনোয়ারুল ইকবাল বলেন, "সব রাজনৈতিক দল এখনো নির্বাচনের প্রস্তুতি নেয়নি। এখনো যদি কোনো দল নির্বাচনে না যায়, তাহলে তারা যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না- তার কোনো নিশ্চয়তা নেই। সরকার হয়তো এ কারণেই জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে না।"
'পরিস্থিতি বুঝে' সরকার যথাসময়ে জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেবে বলে আনোয়ারুল ইকবাল জানান।
একসঙ্গে দুই নির্বাচনের তফসিল ঘোষণার কারণ জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আইন অনুযায়ী প্রতি বছর ১৫ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা সংশোধন এবং পরিবর্ধন করার কথা। এই মুহূর্তে তফসিল ঘোষণা করা না হলে নতুন সংশোধিত তালিকায় উপজেলা নির্বাচন অনুষ্ঠানে অনেক বিলম্ব হয়ে যাবে। বর্তমান তালিকা অনুযায়ী যাতে উপজেলা নির্বাচন করা সম্ভব হয়- সে জন্যই উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।"
আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের সাবেক দূত ফ্রান্সিস ভেনদ্রেলের নেতৃত্বে বাংলাদেশ সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন- নেপালের প্রধান নির্বাচন কমিশনার ভোজরাজ পোখারেল এবং জাতিসংঘের নির্বাচন সহযোগী বিভাগের সাবেক উপ পরিচালক অ্যারাসেলি সান্টানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেএফ/জেকে/১৮২০ ঘ.
bdnews24