২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত সরকারের অধীনেই উপজেলা নির্বাচন হবে: আনোয়ারুল ইকবাল

স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বৃহস্পতিবার বলেছেন, নির্বাচিত সরকারের অধীনেই উপজেলা নির্বাচন হবে। নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে বাংলাদেশে আসা জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে নিজের কার্যালয়ে এক বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বৃহস্পতিবার বলেছেন, নির্বাচিত সরকারের অধীনেই উপজেলা নির্বাচন হবে। নির্বাচনী প্রস্তুতি পরিদর্শনে বাংলাদেশে আসা জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে নিজের কার্যালয়ে এক বৈঠকের পর উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন। আনোয়ারুল ইকবাল বলেন, "বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে উপজেলা নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে নব নির্বাচিত সরকারের শপথ নেওয়ার বিধান রয়েছে। বিজয়ী দল শপথ গ্রহণের পরপরই সরকার গঠন করবে। আর নতুন সরকার গঠন হলেই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়ে যাবে।" এ কারণে বর্তমান সরকারের অধীনে উপজেলা নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচন এবং ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের সাবেক দূত ফ্রান্সিস ভেনদ্রেলের নেতৃত্বে বাংলাদেশ সফররত জাতিসংঘ প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন- নেপালের প্রধান নির্বাচন কমিশনার ভোজরাজ পোখারেল এবং জাতিসংঘের নির্বাচন সহযোগী বিভাগের সাবেক উপ পরিচালক অ্যারাসেলি সান্টানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেএফ/জেকে/জিএনএ/১৭৫৫ ঘ.