ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহারের সুনির্দিষ্ট তারিখ দাবি করেছে ১৪ দল।
বুধবার ১৪ দলের এক বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। কী করে বুঝব, জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। বলুক, সুনির্দিষ্ট তারিখ দিক।"
জরুরি অবস্থা প্রত্যাহার নিয়ে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ এবং উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে আমু এ কথা বলেন।
সেনাপ্রধান জেনারেল মইন মঙ্গলবার জানান, নির্বাচনের আগেই জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য তিনি সরকারের কাছে অনুরোধ করবেন। একইদিন উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, সংসদ নির্বাচনের আগেই যৌক্তিক সময়ে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে।
১৪ দলের বৈঠকটি হয় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন এ জোট সংসদ নির্বাচনের তারিখ আর পরিবর্তন না করা, জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন এক মাস পেছানো এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১ (ই) ধারা বাতিলের দাবি জানিয়েছে।
আমির হোসেন আমু বলেন, "বার বার নির্বাচনের তারিখ বদলানো হচ্ছে। এতে নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ দেখা দিচ্ছে। এ নিয়ে আমরা (১৪ দল) উদ্বেগ প্রকাশ করছি।"
জোটের আসন ভাগাভাগির বিষয়ে আমু বলেন, "অতি শিগগিরই ১৪ দলীয় জোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কারণ, ১৪ দলই হলো আমাদের মূল ভিত্তি। এই বিষয়টিই সর্বপ্রথম ফয়সালা করা হবে।"
বুধবার বিকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে ১৪ দলীয় জোটের আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে আমু জানান।
আসন্ন নির্বাচনে ১৪ দলের বাইরেও জাতীয় পার্টি, এলডিপিকে নিয়ে মহাজোট গড়ে নির্বাচনে যাওয়ার দিকে এগুচ্ছে আওয়ামী লীগ। ২০০৭ সালে বাতিল হওয়া সংসদ নির্বাচনের আগেও একই ধরনের জোট গঠন করা হয়।
১৪ দলের বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শরিক দলগুলোর নেতাদের মধ্যে ছিলেন ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সৈয়দ জাফর সাজ্জাদ, মঈনুদ্দিন খান বাদল, শিরিন আখতার, গণতন্ত্রী পার্টির নূরুল ইসলাম, সাম্যবাদী দলের (এমএল) দিলীপ বড়
bdnews24