ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় পার্টি বলেছে মহাজোট নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে হুসেইন মুহাম্মদ এরশাদকে রাষ্ট্রপতি করার বিষয়ে তারা কোনও ছাড় দেবে না।
আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ।
নির্বাচনে বিজয়ী হলে এরশাদকে রাষ্ট্রপতি করার বিষয়ে জাতীয় পার্টির অবস্থান আগের মতোই অনড় রয়েছে কী না জানতে চাইলে কাজী জাফরের জবাব ছিল, "ইয়েস অ্যান্ড ইয়েস"।
এর আগে কাজী জাফর এক প্রশ্নের জবাবে জানান, মহাজোটের শরীক দলগুলোর মধ্যে যাদের জয়লাভের সম্ভাবনা রয়েছে তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত এবং দলের মুখপাত্র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
জাতীয় পার্টির পক্ষে কাজী জাফর ছাড়া ছিলেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দীন বাবলু।
নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে ৭৪ টি আসন চাওয়া হয়েছে। এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) পক্ষ থেকে আওয়ামী লীগের কাছে মনোনয়নের নামের তালিকা দেওয়া হয়।
এলডিপির মহাসচিব জাহানারা বেগম ও সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ আওয়ামী লীগের নীতিনির্ধারকদের কাছে ৩০ জনের নামের তালিকা দেন। অন্যদিকে জাতীয় পার্টি (মঞ্জু)'র পক্ষ থেকে দলটির মহাসচিব শেখ শহীদুল ইসলাম ১২ জনের নামের তালিকা দিয়েছেন।
এরপর আমির হোসেন আমু বলেন, "নির্বাচনে জয়ের জন্যেই এই মহাজোট। সেজন্য যে যেখানে জয়ী হবেন তাকেই সেখানে মনোনয়ন দেওয়া হবে। সেজন্য কারও আসন বাড়তেও পারে আবার কারও আসন কমতেও পারে।"
আরেক প্রশ্নের জবাবে আমু জানান, শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, মহাজোটের পক্ষ থেকে নির্বাচনের ইশতেহার ঘোষণা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/এসকে/২১২৫ঘ.
bdnews24