২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন নিয়ে আবারো আশঙ্কা প্রকাশ করলেন শেখ হাসিনা

নির্বাচন নিয়ে আবারো শঙ্কা প্রকাশ করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে তার রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় হাসিনা বলেন,"নির্বাচন নিয়ে এখন একটা খেলা চলছে। আমি আশা করি, নির্বাচন নিয়ে কেউ আর টালবাহানা করবে না। আর কেউ যদি নির্বাচন নিয়ে টালবাহানা করে জনগণ তা মানবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 12:38 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন নিয়ে আবারো শঙ্কা প্রকাশ করলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে তার রাজনৈতিক কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় হাসিনা বলেন,"নির্বাচন নিয়ে এখন একটা খেলা চলছে। আমি আশা করি, নির্বাচন নিয়ে কেউ আর টালবাহানা করবে না। আর কেউ যদি নির্বাচন নিয়ে টালবাহানা করে জনগণ তা মানবে না।" সোমবারও একই ধরণের আশঙ্কা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' করে ভোটের ফল পাল্টে দেওয়া হতে পারে। মঙ্গলবার তিনি প্রশ্ন তোলেন, "সঙ্কট তৈরি করে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে কি ?" কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, "কেউ যদি জনমত যাচাই করে দেখে, হেরে যাবে। এই হেরে যাওয়ার ভয়ে কেউ যদি নির্বাচনে না যায়, নির্বাচন নিয়ে টালবাহানা করে তাহলে জনগণ তাদেরকেও ক্ষমা করবে না।" নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আমি প্রতিশোধ ও প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমি শান্তিতে বিশ্বাস করি। শান্তি হলো উন্নয়নের পূর্বশর্ত। আমি চাই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি শান্তিময় দেশ হিসেবে গড়ে উঠুক।" নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হয় তাহলে আওয়ামী লীগ জনগণের ভোট পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা বলেন, "মানুষ কঠিন সময়ের মধ্যে জীবন যাপন করছে। এই সঙ্কটের হাত থেকে কীভাবে মানুষকে বাঁচানো যায় তা নিশ্চিত করতে হবে। নির্বাচনের ফলাফল নিয়ে যেন কারচুপি না করা হয় সেজন্য পেশাজীবীদের সজাগ থাকতে হবে।" ক্ষমতায় গেলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ জানান শেখ হাসিনা। মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন, পেশাজীবী সমন্বয় পরিষদের কামরুল আহসান খান, আআমস আরেফিন সিদ্দিক, শফিকুর রহমান, ইকবাল সোবহান চৌধুরী, আলতাফ মাহমুদ, হারুনর রশীদ, শাহ আলমগীর, কাজী ফারুক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে/১৮৩৩ঘ.