ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ রংপুর-৩ (সদর) এবং কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার তিন ইউনিয়ন) আসনে রোববার মনোয়নপত্র জমা দিয়েছেন।
রংপুর ও কুড়িগ্রাম ছাড়াও ঢাকা ও হবিগঞ্জ থেকে এরশাদ নির্বাচন করবেন বলেও জাতীয় পার্টি (জাপা) জানিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রংপুর প্রতিনিধি জানান, সকাল সোয়া ১০টায় এরশাদ রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আব্দুল আহাদের কাছে তার মনোনয়পত্র জমা দেন।
এ সময় এরশাদের দুই ভাই জিএম কাদের ও মোজাম্মেল হক লালুসহ পরিবারের লোকজন এবং জাতীয় পার্টির নেতারা তার সঙ্গে ছিলেন ।
মনোনয়নপত্র দাখিলের পর এরশাদ সাংবাদিকদের বলেন, "ক্ষমতার মোহে নয়, সরকারে থেকে দেশের মানুষের সেবা করার জন্য রাষ্ট্রপতি হতে চাই।"
তিনি বলেন, "এবারই প্রথম নিজের মনোনয়নপত্র দাখিল করতে পারায় আমি আনন্দিত। এর আগে কারাগারে থেকে নির্বাচন করেছিলাম।"
তিনি আরও বলেন, "সরকারে না থাকলে উন্নয়ন কর্মকাণ্ড করা সম্ভব হয় না। রংপুরের মানুষ তার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সেই ঋণ শোধ করার জন্য কাজ করতে চাই ।"
এরশাদ বলেন, শনিবার জাতীয় পার্টির যেসব নেতা বিএনপিতে যোগ দিয়েছেন অতীতেও তারা দলবদল করেছেন। একইসঙ্গে দলের ত্যাগী নেতারা তার সঙ্গে রয়েছেন বলেও দাবি করেন এরশাদ।
মনোনয়নপত্র দাখিলের পর ভাতিজা আসিফ শাহরিয়ারকে নিয়ে গঙ্গাচড়া উপজেলা সদরে যান এরশাদ। সেখানে তিনি ডাক বাংলো মাঠে সমাবেত নেতা-কর্মীদের উদ্যেশে বক্তৃতা দেন।
এ সময় কিছু নেতা-কর্মী 'পরিবার নয় স্থানীয় নেতাদের মধ্য থেকে প্রার্থী চাই' বলে শ্লোগান দেয়।
এরপর দুপুর সোয়া ২টার দিকে এরশাদ কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে এ কুড়িগ্রাম-২ আসনে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থাকা কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জাপা নেতা জিএম কাদের, করিম উদ্দিন ভরসা, মশিউর রহমান রাঙ্গা, রংপুর পৌরসভার চেয়ারম্যান মানিক প্রমুখ এরশাদের সঙ্গে ছিলেন।
এর আগে তিনি কুড়িগ্রাম শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ায় জেলা জাপা'র নতুন কার্যালয় উদ্বোধন করেন। পরে পোস্ট অফিস মাঠে জেলা জাপা আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24