২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রদের প্রার্থিতায় বাধার সিদ্ধান্তের বিরুদ্ধে খোকার রিট

মেয়াদ শেষে তিন বছর পার না হলে মেয়ররা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মেয়াদ শেষে তিন বছর পার না হলে মেয়ররা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। রোববার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফারাহ মাহবুবের বেঞ্চে তার পক্ষে রিটটি দায়ের করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জ্যেষ্ঠ অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ রিটটি পরিচালনা করবেন। রিটটি দায়েরের পর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদ নির্বাচনে মেয়রদের প্রার্থিতায় বাধার সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেছেন। এ রিটে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে।" রিট আবেদনে বলা হয়েছে, গত ১৭ ও ১৮ নভেম্বর বিভিন্ন দৈনিক পত্রিকায় "মেয়াদ শেষে তিন বছর পার না হলে মেয়ররা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না" বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন লাভজনক পদে আসীন মেয়ররা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে। আবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তে কেবল মেয়র খোকা নন, অন্য মেয়ররা যারা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। রিট আবেদনে দাবি করা হয় মেয়র খোকার পদ মন্ত্রীর সমমর্যাদার বলে তিনি কোন লাভজনক পদে দায়িত্ব পালন করছেন না। এতে আরো অভিযোগ করা হয়েছে, মেয়রদের নির্বাচনে প্রার্থী না হতে পারার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেশে বিদ্যমান আইনের লংঘন। এই সিদ্ধান্ত স্বেচ্ছাচারমূলক। গত বৃহস্পতিবার খোকা সংসদ নির্বাচনে মেয়রদের প্রার্থিতায় বাধার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনকে উকিল নোটিশ পাঠিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৭৪৬ঘ.