২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধা সদনের সামনে পুলিশের লাঠিপেটা

আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া নেতাদের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের শনিবার লাঠিপেটা করেছে পুলিশ। সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের সামনে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 06:44 AM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া নেতাদের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকদের শনিবার লাঠিপেটা করেছে পুলিশ। সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের সামনে এ ঘটনা ঘটে। এদিন সকাল থেকে বিভিন্ন আসনে মনোনয়ন না পাওয়া আওয়ামী লীগ নেতাদের কর্মী-সমর্থকরা সুধা সদনের সামনে জড়ো হতে থাকে। এর মধ্যে ঝালকাঠি-১ এর হান্নান ফিরোজ, শরীয়তপুর-১ এর মোবারক আলী শিকদার, পিরোজপুর-২ এর শাহ আলম, চাঁদপুর-৪ এর শামসুল হক ভুুঁইয়া, ঝিনাইদহ-২ এর নূরে আলম সিদ্দিকি, বরিশাল-৫ এর মাহবুব উদ্দিন আহমেদ এবং নাটোর-৩ এর জুনায়েদ আহমেদ পলকের কর্মী-সমর্থরা সকাল থেকে সুধা সদনের সামনে জড়ো হন। মনোনয়ন না পাওয়া এসব নেতার কর্মী-সমর্থকরা প্রথমদিকে শান্তিপূর্ণভাবে ও সারিবদ্ধভাবে প্লাকার্ড-ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকে। বেলা ১১টার দিকে তারা শ্লোগান দিতে দিতে সুধা সদনের দিকে এগোতে থাকে। তারা সুধা সদনের নিরাপত্তা চৌকির সামনে এসে জড়ো হয় এবং শ্লোগান দিতে থাকে। এসময় নিরাপত্তাকর্মীরা তাদেরকে সরে যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু তারা তাদের অবস্থানে অটল থাকে। এক পর্যায়ে আর্মড পুলিশ ও ডিএমপি পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। একইদিন সকালে নাটোর-৩ এর মনোনয়ন না পাওয়া আওয়ামী লীগ নেতা জুনায়েদ আহমেদ পলক সুধা সদনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী তাকে আশ্বস্ত করেছেন যে এ আসনে মনোনয়নের বিষয়টি জনমত যাচাই করে পুনর্বিবেচনা করা হবে।" তবে মনোনয়নের বিষয়ে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন তারা সে সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান তিনি। ২২ জানুায়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে পলক এ আসনে মনোনয়ন পেয়েছিলেন বলে দাবি করেন। আসন্ন সংসদ নির্বাচনের জন্য নাটোর-৩ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ আলী শেখকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/জিএনএ/১২৩৬ ঘ.