২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদল নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে: মতিয়া

নির্বাচন পেছানোর দাবি করে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট একে ঝুঁকি ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 05:05 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন পেছানোর দাবি করে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট একে ঝুঁকি ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। সংসদ ও উপজেলা নির্বাচন পিছিয়ে দিতে বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার আনুষ্ঠানিক দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অবস্থান সাংবাদিকদের জানানোর সময় এ অভিযোগ করেন তিনি। রাজধানীর মগবাজারের বাসায় সাংবাদিকদের মতিয়া বলেন, "বিএনপি নির্বাচনের তারিখ নিয়ে নানা সময়ে নানান বক্তব্য দিয়েছে। এক সময়ে তারা অক্টোবরে নির্বাচন চেয়েছিল। এখন ২৮ ডিসেম্বর সংসদ নির্বাচন চাইছে। নির্বাচনকে প্রান্তসীমায় এনে তারা একে ঝুঁকি ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।" চারদলের দাবির বিষয়ে সরকার কী করবে সে বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে তিনি বলেন, "নির্বাচন ১০ দিন পেছালে জনগণকে আরো ১০ দিন জরুরি অবস্থার মধ্যে থাকতে হবে।" মতিয়া চৌধুরী জানান, বিএনপির দাবি ও সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এসকে/২২৫৯ঘ.