ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বলেছেন, তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন ও সরকার গঠন করবেন।
তবে আওয়ামী লীগ বলছে, তাদের মধ্যে ঐক্যবদ্ধ সরকার গঠনের বিষয়ে সমঝোতা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে এলডিপি নেতারা সুধা সদনে যান। শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সোয়া ৭টা পর্যন্ত বৈঠক করেন তারা।
বৈঠক শেষে বেরিয়ে অলি আহমদ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দেন।
অবশ্য এর পাঁচ মিনিট আগেই সুধা সদন থেকে বেরিয়ে এলডিপি মহাসচিব জাহানারা বেগম সাংবাদিকদের বলেন, "আমাদের ঐক্য হবে, সরকার গঠনের ঐক্য। নির্বাচন আমরা যে যার মতো করে করব।"
বৈঠকে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন- দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এলডিপির পক্ষে ছিলেন অলি আহমদ, জাহানারা বেগম ও রেদোয়ান আহমেদ।
অলি আহমদ সাংবাদিকদের বলেন, "আমাদের মধ্যে ঘরোয়া পরিবেশে আলোচনা হয়েছে। জোটগতভাবে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি আমরা।"
নির্বাচনের ক্ষেত্রে কী হবে- প্রশ্ন করা হলে তিনি বলেন, "জোটবদ্ধভাবে নির্বাচন করব আমরা।" সেক্ষেত্রে আসন ভাগাভাগি নিয়ে কী আলোচনা হয়েছে- জানতে চাওয়া হলে কোনও উত্তর দেননি এলডিপি চেয়ারম্যান।
তিনি বলেন, "আমরা সবাই চাই, সব দল নির্বাচনে অংশ নিক। সবার প্রতি এলডিপির আহ্বান থাকবে, দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে।"
এর কিছু সময় আগে এলডিপি মহাসচিব জাহানারা বেগম সাংবাদিকদের বলেন, "নির্বাচনের পর আমরা একসঙ্গে সরকার গঠন করব। সেখানে সবার শেয়ার (অংশীদারিত্ব) থাকবে। আমাদের ঐক্য হবে নির্বাচন- পরবর্তী ঐক্য।"
নির্বাচনী জোট হবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে আলাদাভাবে নির্র্বাচন করার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, "আমরা নিজ নিজ শক্তিতে বিশ্বাসী।"
এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ও আওয়ামী লীগ একসঙ্গে নির্বাচন এবং সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে; আপনাদের ক্ষেত্রেও তা হচ্ছে কিনা- জানতে চাওয়া হলে জাহানারা বেগম বলেন, "উনি (হাসিনা) তো এ ধরনের কিছু বললেন না। উনি তো বললেন, যার যার মতো করে নির্বাচন করবে।"
বিএনপি নির্বাচনে এলে সে ক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে- সাংবাদিকরা জানতে চাইলে এলডিপি মহাসচিব বলেন, "সে ক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
আগামী ২৫ কিংবা ২৬ তারিখে আওয়ামী লীগের সঙ্গে আবারও আলোচনা হবে বলে জাহানারা বেগম জানান।
এলডিপির সঙ্গে আলোচনার বিষয়ে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম সাংবাদিকদের বলেন, "আমরা কীভাবে সমঝোতার মাধ্যমে নির্বাচন করতে পারি এবং পরবর্তী সময়ে কীভাবে ঐক্যবদ্ধ সরকার গঠন করতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।"
জোটবদ্ধভাবে নির্বাচন করা হবে কিনা- জানতে চাওয়া হলে শেখ সেলিম বলেন, "আমাদের সমঝোতা হয়েছে, সমঝোতার মাধ্যমে পরবর্তী সরকার সরকার গঠন হবে।"
২০০৭ সালে বাতিল হওয়া নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে এলডিপিও ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/এসকে/২০২৭ঘ.
bdnews24