চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী নগরীর চারটি আসনে যোগ্য প্রার্থীরাই দলের কেন্দ্র থেকে মনোনয়ন পেয়েছেন বলে মন্তব্য করেছেন।
নগরীর চারটি আসনের তিনটিতেই মহিউদ্দিন চৌধুরী-সমর্থিত প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন। গত ৯ নভেম্বর তৃণমূল পর্যায় থেকে সম্ভাব্য প্রার্থী নির্ধারণের ভোটাভুটির সময় সিটি মেয়র ভোট বাক্স অন্যত্র নিয়ে গিয়েছিলেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে।
নগরীর চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার একদিন পর বুধবার সন্ধ্যায় মহিউদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্র যাদের যোগ্য মনে করেছে তাদেরই মনোনয়ন দিয়েছে।" দলীয় প্রার্থীদের জয়ী করতে তাদের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
চট্টগ্রাম মহানগরীতে আওয়ামী লীগের হারানো আসন ফিরে পেতে ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীরা একসাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন মহিউদ্দিন ।
নগরীর চারটি আসনের তিনটিতেই মহিউদ্দিন চৌধুরী সমর্থিত প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন। শুধুমাত্র কোতোয়ালী আসনে মহানগর আওয়ামী লীগে সিটি মেয়রের দীর্ঘ দিনের বিরোধী হিসাবে পরিচিত সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসিকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়নের আগে গত ৯ নভেম্বর তৃণমূল পর্যায় থেকে সম্ভাব্য প্রার্থী নির্ধারণের ভোটাভুটির সময় সিটি মেয়র ভোট বাক্স অন্যত্র নিয়ে গণণা করেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে। অন্য অনেকের মধ্যে কোতোয়ালী আসনে মনোনয়ন প্রার্থী নুরুল ইসলামও ভোট গ্রহণ কেন্দ্রে গণনা না করে অন্যত্র বাক্স নিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন।
সিটি মেয়র তার সঙ্গে নুরুল ইসলামের কথিত দ্বন্দ্বের বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও একটি স্থানীয় পত্রিকার এক সাংবাদিককে বলেন, "দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করব। এক্ষেত্রে ভিন্ন রকম চিন্তার কোন সুযোগ নেই।"
বড় ধরনের কোন কিছু না ঘটলে, চূড়ান্ত প্রার্থী হিসাবে এ চারজনই নির্বাচনে অংশ নেবেন বলে তিনি জানান।
বিগত ২০০১ সালের নির্বাচনে নগরীর তিনটি আসনেই আওয়ামী লীগ প্রার্থীরা বিএনপির কাছে পরাজিত হন। গতবারের পরাজিত তিন প্রার্থীর মধ্যে এবার দুই জনকে মনোনয়ন দেওয়া হয়নি।
কোতোয়ালী (চট্টগ্রাম-৮) আসনে সাবেক মন্ত্রী এম এ মান্নানের পরিবর্তে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসিকে এবং চান্দগাঁও-বোয়ালখালী (চট্টগ্রাম-৭) আসনে শিল্পপতি এসএম আবুল কালামের পরিবর্তে মহানগর কমিটির কোষাধ্যক্ষ ও শিল্পপতি আব্দুচ ছালামকে মনোনয়ন দেওয়া হয়েছে। ডবলমুরিং (চট্টগ্রাম-৯) আসনে গতবারের পরাজিত প্রার্থী ডা. আফসারুল আমিন এবারও মনোনয়ন পেয়েছেন।
পুনর্বিন্যাসের পর নগরীতে একটি নতুন আসন যোগ হয়েছে। আওয়ামী লীগ বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১০) আসনে মহানগর যুগ্ম সম্পাদক খোরশেদ আলম সুজনকে নতুন প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে। নুরুল ইসলাম ছাড়া অপর তিনজনই মেয়রের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এসকে/২২১৮ঘ.
bdnews24