২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈঠক শেষ করলেন খালেদা

আগের তারিখেই নির্বাচন হবে- সরকারের এ ঘোষণার পর জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার রাত ৮টার দিকে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সোয়া ৯টার দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের তারিখেই নির্বাচন হবে- সরকারের এ ঘোষণার পর জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার রাত ৮টার দিকে এ বৈঠক শুরু হয়। শেষ হয় সোয়া ৯টার দিকে। বৈঠকের পর নির্বাচনের বিষয়ে জোটের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানোর কথা রয়েছে। এর আগেই সেনানিবাসের বাসায় বিএনপি ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট নির্বাচনের তফসিল পুনর্র্নিধারণের দাবি জানিয়েছিল। নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে চারটি শর্ত দিয়ে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয় চারদলীয় জোট। বুধবার রাতে ওই সময় সীমা অতিক্রান্ত হওয়ার আগে সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সেনানিবাসের বাসায় বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠক শেষ হওয়ার কিছু ক্ষণের মধ্যেই নির্বাচনের বিষয়ে সরকারের সর্বশেষ অবস্থানের ঘোষণা আসে। এরপরই গুলশানের কার্যালয়ে জোটের নেতাদের নিয়ে বৈঠকে বসেন খালেদা। বৈঠকে উপস্থিত ছিলেন, জামায়াত আমির মতিউর রহমান নিজামী, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের নেতা আব্দুল লতিফ নেজামী, মো. ইসহাক এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান। এর আগে সন্ধ্যায় খালেদা জিয়ার বাসায় সন্ধ্যা পৌনে ৬টা থেকে ৭টা পর্যন্ত বৈঠকে অংশ নেন মতিউর রহমান নিজামী, খোন্দকার দেলোয়ার, ড. খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদ। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। সরকারের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে, বড় দুই জোটের মধ্যে সমঝোতা না হওয়ায় আগামী ১৮ ডিসেম্বর সংসদ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ঠিক থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআই/২১০০ ঘ.