ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের তারিখ ১৮ ডিসেম্বর থেকে না পেছানোর দাবি আবারও জানিয়েছে আওয়ামী লীগ।
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, "আগামী ১৮ ডিসেম্বর নির্বাচন হতে হবে। এই তারিখ পেছানো যাবে না।"
রোববার শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪ দলের এক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ বৈঠক চলে।
সৈয়দ আশরাফ বলেন, "নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে এবং উপজেলা নির্বাচনের তফসিল জাতীয় নির্বাচনের পর ঘোষণা করতে হবে। আমরা ১৪ দল দেশের সব রাজনৈতিক দলকে এ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
তিনি আরও বলেন, "নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের বিষয়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"
গণফোরাম ১৪ দলের সঙ্গে আছে কিনা- জানতে চাওয়া হলে আশরাফ বলেন, "গণফোরামের এক নেতাকে নিয়ে বিভ্রান্তি আছে। গণফোরাম নিয়ে বিভ্রান্তি নেই।"
১৪ দলের শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু হয়েছে জানালেও কাকে কয়টি আসন দেওয়া হচ্ছে সে প্রসঙ্গে তিনি কিছুই বলেননি।
আওয়ামী লীগ কবে ৩০০ আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করবে জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, "আশাকরি, আজকে (রোববার) সংসদীয় বোর্ডের বৈঠকে ৩০০ আসন চূড়ান্ত করা হবে।"
১৪ দলের বৈঠকে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, জাসদের হাসানুল হক ইনু, সৈয়দ জাফর সাজ্জাদ, শিরীণ আখতার, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম, ন্যাপের এনামুল হক, গণআজাদী লীগের আব্দুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায়, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, সাম্যবাদী দলের (এমএল) দিলীপ বড়
bdnews24