২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রুথ কমিশন সোমবার থেকে আবার সচল

হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করায় আবার সচল হচ্ছে ট্রুথ কমিশন (সত্য ও জবাবদিহিতা কমিশন)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করায় আবার সচল হচ্ছে ট্রুথ কমিশন (সত্য ও জবাবদিহিতা কমিশন)। সোমবার থেকে কমিশনের কাজ পুরোদমে চলবে বলে কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান রোববার জানিয়েছেন। ট্রুথ কমিশন অবৈধ বলে গত বৃহস্পতিবার হাইকোর্ট রায় দেয়। এরপর কমিশনের চেয়ারম্যান বলেছিলেন, সুপ্রিম কোর্টের পরবর্তী সিদ্ধান্ত ছাড়া তারা অফিস করবেন না। আপিল বিভাগ রোববার হাইকোর্টের রায় স্থগিত করে। আপিল বিভাগের আদেশের পর বিচারপতি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার থেকে আমরা যথারীতি অফিস করব, কমিশনের কার্যক্রমও চলবে।" কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা রোববার অফিস করেননি। বিচারপতি হাবিবুর বলেন, "সুপ্রিম কোর্টের আদেশের পর আমাদের অফিস করতে আপাতত বাধা নেই। তবে কার্যক্রম শুরুর আগে সুপ্রিম কোর্টের আদেশের কপি দেখে নিতে হবে।" তিনি জানান, রোববার কমিশনে যে সব শুনানি ধার্য ছিল সেগুলো সুযোগ মতো অন্য দিন করা হবে। সোমবার ওই দিনের নির্ধারিত শুনানি হবে। গত ৮ জুন রাষ্ট্রপতি স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ জারি করেন। ওই অধ্যাদেশের আওতায় বিচারপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে পাঁচ মাস মেয়াদি 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গত ৩ জুলাই গঠন করা হয়। দুর্নীতির দায়ে ২ বছরের কম সাজাপ্রাপ্তদের শর্তাধীনে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে গঠিত এ কমিশন 'ট্রুথ কমিশন' নামেই পরিচিতি পায়। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান, উন্নয়ন বিকল্প নীতি-নির্ধারণী গবেষণা'র (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপুমনি এবং অধিকার'র ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন এলান গত ২৫ আগস্ট 'জনস্বার্থে' রিট আবেদন করলে গত বৃহস্পতিবার স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫৩৮ ঘ.