ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনারসহ সব কমিশনারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আকবর আলি খান। এ সময়ের মধ্যে নির্বাচন না হলে সরকারের 'অসাংবিধানিক রূপ নগ্ন হয়ে' দেখা দেবে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার রেগুলেটরি রিফর্মস কমিশনের (আরআরসি) চেয়ারম্যান আকবর আলি খান কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। পুরনো বিধিবিধান সংস্কারের মাধ্যমে যুগোপযোগী করা ও অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল করার লক্ষ্যে সুপারিশের জন্য তত্ত্বাবধায়ক সরকার আরআরসি গঠন করেছিল।
আকবর আলি খান বলেন, "চূড়ান্ত ভোটার তালিকা তৈরির ৯০ দিনের মধ্যে নির্বাচন করা উচিত। ভোটার তালিকা তৈরি হয়েছে। এখন দ্রুত নির্বাচনের কাজ শেষ করা উচিত নির্বাচন কমিশনের।"
৩১ ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করলে বা সহায়তা না দিলে নির্বাচন কমিশনের সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
উদাহরণ দিয়ে তিনি বলেন, ভারতে প্রধান নির্বাচন কমিশনার টি এন সেশান সরকারের বিরুদ্ধে একবার এ ধরনের একটি মামলা করেছিলেন।
নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ সম্পর্কে সাবেক উপদেষ্টা বলেন, "কে নির্বাচনে এল আর কে এল না- সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের না। তাদের দায়িত্ব একটি সুষ্ঠু নির্বাচন করা। কোনো দলকে নির্বাচনে আনা বা নির্বাচনী পরিবেশ তৈরির দায়িত্ব সরকারের। সরকার এতে ব্যর্থ হলো কিনা- তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের না।"
আকবর আলি খান বলেন, "ন্যূনতম ছাড় দিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে ১৮ ডিসেম্বরের নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়া উচিত। দলগুলো নির্বাচনে অংশ না নিলে নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবে।"
বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সাংবিধানিক বৈধতা সম্পর্কে তিনি বলেন, "বর্তমান সরকার অগণতান্ত্রিক সরকার। তবে এ সরকার ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে সমর্থ হলে এটাকে সাংবিধানিক রূপ দেওয়া যেতে পারে। আর এ সময়ের মধ্যে নির্বাচন না হলে এ সরকারের অসাংবিধানিক রূপ নগ্ন হয়ে দেখা দেবে।"
কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "ডিসেম্বরে নির্বাচন না হলে দুটি কারণে এ সরকার অসাংবিধানিক হবে- একটি হচ্ছে, দুই বছর ধরে একটি অগণতান্ত্রিক সরকার হিসেবে দায়িত্ব পালনের সময় বার বার প্রতিশ্র"তি দিয়েও তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারেনি। আর অন্যটি হচ্ছে, একটি আইনসম্মত ভোটার তালিকা হওয়ার পরও তারা নির্বাচন করতে ব্যর্থ হয়েছে।"
১৮ ডিসেম্বরের নির্বাচন নিয়ে জনমনে সংশয় সম্পর্কে আকবর আলি বলেন, "আমার নিজেরও (সংশয়) আছে। সে কারণেই কমিশনের উচিৎ আর দেরি না করে ঘোষিত তারিখেই নির্বাচন করে ফেলা। নির্বাচন কমিশনকে সরকারের মুখপাত্র হলে চলবে না। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের যে সাংবিধানিক দায়িত্ব তাদের রয়েছে সেটি যথাযথভাবে পালন করতে হবে।"
বড় দলগুলোর উদ্দেশে 'কিছু ছাড় দিয়ে হলেও' সরকারের সঙ্গে আলোচনা করে ১৮ ডিসেম্বর নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।
আকবর আলি বলেন, "প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ না নিলে একদিকে যেমন দেশের ক্ষতি হবে, অন্যদিকে তাদের নিজেদেরও ক্ষতি হবে। দীর্ঘদিন একটি অনির্বাচিত বা অবৈধ সরকার ক্ষমতায় থাকলে তারা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, আরআরসি'র সংস্কার প্রস্তাবের ৪০ শতাংশ এরইমধ্যে সরকার বাস্তবায়ন করেছে, আর বাকিগুলো বাস্তবায়নাধীন।
নির্বাচিত সরকারও কমিশনের সুপারিশ বাস্তবায়ন অব্যাহত রাখবে- আশা প্রকাশ করেন আকবর আলি খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এসএনডি/এসকে/১৯৩০ঘ.
bdnews24