ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপি নেতা এম সাইফুর রহমান, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও 'সাত দফা' বাস্তবায়নের দাবিতে ১২ নভেম্বর দেশব্যাপী সমাবেশ কর্মসূচি পালন করবে চার দল।
সোমবার রাতে চার দলের বৈঠক শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "সাত দফা মেনে নেওয়া হলেই আমরা নির্বাচনে যাব। তা না হলে আমাদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না।"
চার দলকে 'বাইরে রেখে' নির্বাচনের ষড়যন্ত্র জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে চারদলীয় নেত্রী খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক হয়। কয়লাখনি মামলায় তিন নেতাকে কারাগারে পাঠানোর নিন্দা জানানো হয় বৈঠকে।
দেলোয়ার অভিযোগ করেন, "জরুরি বিধিমালার কারণে আদালত সুষ্ঠু বিচার কার্যক্রম চালাতে পারছে না। বিচারকরা ন্যায়বিচার করতে বাধার সম্মুখীন হচ্ছেন।"
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে তিনি বলেন, "তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেই জনগণ বিশ্বাস করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএ/এসকে/২২২৪ঘ.
bdnews24