গাজীপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত না হলে 'ভয়ানক অরাজক' পরিস্থিতির সৃষ্টি হবে বলে সাবধান করে দিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়ে তিনি বলেন, "মহল বিশেষের ষড়যন্ত্রের কারণে এ মুহূর্তে নির্বাচন না হলে ভয়ানক অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। সে ক্ষেত্রে দেশের শাসন ক্ষমতায় পরিবর্তন আসবে। স্বৈরশক্তি শাসনভার গ্রহণ করবে।"
শনিবার বিকেলে কাপাসিয়ায় স্থানীয় পাইলট স্কুলে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় প্রধান অতিথির ভাষণে আশরাফুল ইসলাম এ কথা বলেন।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে তৃণমূল পর্যায়ের নেতাদের সরাসরি ভোটে সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।
কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের ২৫২ জন কাউন্সিলর প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।
সৈয়দ আশরাফ বলেন, "আওয়ামী লীগ তৃণমূল পর্যায় থেকে সংসদীয় আসনের প্রার্থী নির্বাচনের মাধ্যমে দলে গণতন্ত্রের সূচনা করেছে। পরবর্তী যে কোনো নির্বাচনে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।"
দলের উপজেলা সভাপতি আজগর রশিদ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, জেলা সভাপতি আ ক ম মোজাম্মল হক, সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, সাবেক সাংসদ আফসার উদ্দিন আহমদ খান, তানজীম আহমদ সোহেল তাজ, জাহিদ আহসান রাসেল, মো. শহীদুল্লাহ, কৃষক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, প্রভাষক রুহুল আমিন, আমানত হোসেন খান প্রমুখ।
আজগর রশীদ খান জানান, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে দলের মনোনয়নপত্র কিনেছেন সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আহমেদ খান (তাজউদ্দীন আহমদের ভাই), সাবেক সাংসদ তানজিম আহমদ সোহেল তাজ, মমতাজ উদ্দিন আহমদ মেহেদী ও আব্দুল কাদের হিরণ।
তিনি আরও জানান, গোপন ব্যালটের মাধ্যমে সোহেল তাজকে এ আসনের প্রার্থী নির্বাচন করা হয়েছে। তিনি ২৫২ ভোটের মধ্যে পেয়েছেন ২৫১ ভোট। একটি ভোট বাতিল হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০২ঘ.
bdnews24