২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে আ. লীগের বর্ধিত সভায় সংঘর্ষ

পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ওই সংঘর্ষ হয়। পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণে ওই সভা ডাকা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

পটুয়াখালী, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের বর্ধিত সভায় দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার বাউফল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ওই সংঘর্ষ হয়। পটুয়াখালী-২ (বাউফল) আসনে আওয়ামী লীগের প্রার্থী নির্ধারণে ওই সভা ডাকা হয়। সভার এক পর্যায়ে কার্যালয়ের বাইরে ওই আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ আসম ফিরোজ এবং এএসএম ফিরোজ আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সদর সার্কেল) মো. জাফর হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন- বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপ-পরিদর্শক (এসআই) হারুন ও নজরুল এবং কনস্টেবল জাহাঙ্গীর। আরটিভি প্রতিনিধি সাইখুল ইসলাম উজ্জ্বল ও জনকণ্ঠ প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চুও আহত হন সংঘর্ষে। আহতদের মধ্যে মনোনয়নপ্রত্যাশী এএসএম ফিরোজ আলম ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জোবায়দুল হক রাসেলও রয়েছেন। জাফর আলম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অপর মনোনয়নপ্রত্যাশী আসম ফিরোজের সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা চালায়। ফিরোজ আলম বলেন, "উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ তার সমর্থকদের নিয়ে সকালেই দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। আমরা সেখানে গেলে তারা ঢুকতে বাধা দেয়।" তবে সাবেক সাংসদ আসম ফিরোজ সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের বলেন, "আমি অফিসের ভেতরে ছিলাম। তাই বাইরে কী হয়েছে, তা জানি না।" তিনি বলেন, "যদি কোনও সাংবাদিক আহত হয়ে থাকেন, তবে তার জন্য আমি লজ্জিত।" সংঘর্ষের পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আসম ফিরোজ সমর্থকরা সভা করে। এদিকে ফিরোজ আলমের সমর্থকরা আলাদা সভা করার প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০১ ঘ.