ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ মাস পর দেশের মাটিতে নেমেই শেখ হাসিনা বলেছেন, ঘোষিত তারিখেই নির্বাচন হতে হবে। এ নির্বাচন যেন কোনোভাবেই 'বানচাল' না হয়। জাতিকে 'দুঃসময়' থেকে রক্ষা করতে যা করা দরকার তার দল তা-ই করবে।
যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য হয়ে দেশে ফিরে বৃহস্পতিবার সকালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের এ কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী।
জিল্লুর রহমানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এবং নবনির্বাচিত চার মেয়র হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতা-কর্মী-সমর্থকের ঢল নামে।
বিমানবন্দর থেকে ধানমণ্ডির বাড়ি ফিরতে জনস্্েরাত ঠেলে দুই ঘণ্টারও বেশি সময় লাগে তার। যাত্রাপথে প্রায় সবজায়গায় মুখরিত কর্মী সমর্থকদের অভিবাদন জানিয়ে দুপুর বারোটার পর সুধা সদনে প্রবেশ করেন তিনি।
এর পর বিকেল ৫টায় ধানমন্ডির ৩২ নাম্বার সড়কে বঙ্গবন্ধু ভবনে যান হাসিনা। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন এবং বঙ্গবন্ধু জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কাউসার।
সেখানে মাগরিবের নামাজ আদায়ের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসিনা নিজের বাসভাবন সুধা সদনে ফেরেন।
হাসিনার স্বদেশফেরার দিনে সকাল থেকে দুপুর রাজপথ গমগম করতে থাকা নগরীতে সৃষ্টি হয় তীব্র যানজটের।
বিমানবন্দর থেকে সুধা সদনের উদ্দেশে যাত্রার আগে হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহবান জানিয়ে আশা প্রকাশ করেন, 'দুঃসময়' কেটে যাবে।
সকাল পৌণে ১০টার দিকে বিমানবন্দরের ১নং ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের তিনি বলেন, "জনগণ খুবই কষ্টে রয়েছে। খুব দুঃসহ জীবন যাপন করছে তারা। মানুষের এখন কোন কাজ নেই। ক্ষুধার যন্ত্রণায় রয়েছে তারা। তাদের মনে হতাশা দেখা দিয়েছে। দেশ এখন দুঃসময় ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংকটময় এ মুহুর্তে সবাইকে ধৈর্য ধরতে হবে।"
সাময়িক মুক্তির আওতায় বিদেশে চিকিৎসা নিয়ে ফিরে এসে হাসিনা বলেন, "নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে সে তারিখেই নির্বাচন হতে হবে। এটি যেন কোনভাবেই বানচাল করা না হয়। কোন ধরনের ষড়যন্ত্র করে যেন নির্বাচন পেছানো না হয়। নির্বাচিত সরকার ছাড়া দেশকে এ সংকট থেকে কেউ উদ্ধার করতে পারবেনা।"
জনগণ ভোট দিতে পারলে আওয়ামী লীগ জয়ী হবে
bdnews24