২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরিকদের আসন ছাড়তে নারাজ সাতক্ষীরা আওয়ামী লীগ

নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই দলীয় প্রার্থী চায় জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় 'মহজোটের' শরিক কোনো দলকে আসন না দেওয়ার ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 04:03 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

সাতক্ষীরা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই দলীয় প্রার্থী চায় জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় 'মহজোটের' শরিক কোনো দলকে আসন না দেওয়ার ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্ধিত সভার এ সিদ্ধান্ত তারা কেন্দ্রকে জানাবেন। তিনি জানান, শহীদ আব্দুর রাজ্জাক পার্ক পৌর মিলনায়তনে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের নেতারা বলেছেন- তালা-কলারোয়া আসনে 'মহাজোটের' মনোয়ন প্রত্যাশী শরিক এলডিপির সৈয়দ দীদার বখত ২০০১ সালের নির্বাচনে ১০০ ভোট এবং ওয়ার্কস পার্টির অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ ১৬০০ ভোট পেয়েছিলেন। অথচ ওই আসনে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মুজিবর রহমান এক লাখ ১৫ হাজার ভোট পেয়ে হেরে যান। শ্যামনগর আসনে আরেক মনোনয়ন প্রত্যাশী জাপার গোলাম রেজা মাত্র কয়েক হাজার ভোট পেয়েছিলেন ওই নির্বাচনে। আওয়ামী লীগ নেতারা বলেন, সাতক্ষীরা সদর আসনে জাপা থেকে মহাজোট প্রর্থী হতে আগ্রহী শিল্পপতি আব্দুল জব্বার থাকেন ঢাকায়। জনগণ তাকে চেনে না। জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মুজিবর রহমানের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. রুহুল হক, অধ্যাপক আবু আহম্মেদ এবং সাবেক সাংসদ ডা. মোখলেসুর রহমান, এ. কে. ফজলুল হক, মনসুর আহম্মেদ ও এবি নজরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৩ ঘ.