ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলা ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছে বিচারিক আদালত।
গত ১৯ অক্টোবর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আজম জে চৌধুরীর মামলাাটি স্থগিতের আদেশ দেয়। একইভাবে অন্য একটি বেঞ্চও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা স্থগিত করে দেয়।
চাঁদাবাজি মামলায় মঙ্গলবার বিশেষ দায়রা আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেনের আদালতে আসামি পক্ষের আইনজীবীরা মামলাটি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের অনুলিপি দাখিল করেন।
গত বছরের ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী ব্যবসায়িক সুবিধার বিনিময়ে প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও তার আত্মীয় শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
পরে অবশ্য সাংবাদিকদের কাছে হাসিনার বিরুদ্ধে মামলা দায়েরের কথা অস্বীকার করেন আজম চৌধুরী। বিচার চলাকালে আদালতে তিনি হাসিনাকে ব্যক্তিগতভাবে চেনেন না বলেও জানান।
একই বছরের ২৪ জুলাই এ মামলায় শেখ হাসিনা, শেখ সেলিম ও হাসিনার বোন শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মহানগর দায়রা জজ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলা:
এদিকে উচ্চ আদালতে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছে বিচারিক আদালত।
মঙ্গলবার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম আগামী ২৩ নভেম্বর মামলাটি স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তার অনুলিপি দাখিল করতে বলেন।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দেওয়ার জন্য প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় হাসিনাসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করে।
মামলার অন্য আসামিরা হলেন-বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
গত ১৮ মে এ মামলায় সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২১ মে থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৮৫৮ঘ.
bdnews24