ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার সন্ধ্যায় খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বসছেন চার দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতারা।
বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চার দলের শীর্ষ নেতাদের বৈঠকটি হবে।
এ ব্যাপারে জোটের শরিক ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। কিন্তু চার দলের বেশ কিছু দাবি এখনও বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় চার দল নির্বাচনে যাবে কিনা- সে বিষয়ে শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত নেবেন।"
বৈঠকে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী, খেলাফত মজলিশের আমির মোহাম্মদ ইসহাক ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান উপস্থিত থাকবেন।
এছাড়া, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের ও বিজেপির মহাসচিব শামীম আল মামুনের উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিনে মুক্তির পর এটি চার দলের শীর্ষ নেতাদের দ্বিতীয় বৈঠক।
আগামী ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। ১৩ নভেম্বর মনোয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
আওয়ামী লীগ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু করলেও চারদলীয় জোট এখনও নির্বাচনে অংশ নেওয়া-না নেওয়ার সিদ্ধান্ত জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমআই/১৭১৫ ঘ.
bdnews24