ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধে জড়িত বলে অভিযুক্ত জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়ার বিষয়ে বিভিন্ন সংগঠন লিখিত আপত্তি জানালেও নির্বাচন কমিশন (ইসি) বলছে, দলটির নিবন্ধনের বিষয়ে তারা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।
আপত্তি ওঠা অন্য দলগুলোর ক্ষেত্রে তাদের উপস্থিতিতে শুনানি হলেও জামায়াতের বক্তব্য জানতে এ ধরনের কোনো শুনানির প্রয়োজন নেই বলেও এখন মনে করছে ইসি।
নির্ধারিত দিনে আপত্তি শুনানির সময় জামায়াত যায়নি। দলটির বক্তব্য ছিল, অনাকাক্সিক্ষত পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা করে তারা আপত্তিকারীদের সঙ্গে শুনানিতে অংশ নেয়নি।
জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল সোমবার সকালে নির্বাচন কমিশনে গিয়ে তাদের নিবন্ধনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের লিখিত ব্যাখ্যা দেয়।
পরে দলটির আইন সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, "আমরা লিখিতভাবে জবাব দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে ইসি জানিয়েছে, আইনানুগভাবে জামায়াত নিবন্ধন পাবে।"
নিবন্ধন আপত্তির বিরুদ্ধে জামায়াতের দেওয়া ব্যাখ্যা সম্পর্কে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনসহ কমিশনের কর্মকর্তারা বিস্তারিত জানাতে রাজি হননি।
নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটির প্রধান ও ইসির যুগ্মসচিব নুরুল ইসলাম খান শুধু বলেন, "জামায়াতের বক্তব্য পাওয়ার পর দলটিকে নিবন্ধন দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে ইসি।"
অন্যদিকে, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাংবাদিকদের কাছে জামায়াত প্রতিনিধিদলের দেওয়া বক্তব্য সঠিক।
আনুষ্ঠানিক শুনানি ছাড়াই জামায়াত নিবন্ধন পাচ্ছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, "আপত্তি বিষয়ে জামায়াতের বক্তব্য পাওয়া গেছে। তাই আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন হবে না।"
জামায়াতে ইসলামীর নিবন্ধনে আপত্তি জানিয়ে ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আইন ও সালিশ কেন্দ্র শনিবার তাদের বক্তব্য ও দলিলপত্র ইসি কাছে উপস্থাপন করে।
শুনানি শেষে মুক্তিযুদ্ধের সংগঠকরা সাংবাদিকদের বলেছিলেন, আপত্তি শোনার পরও ইসি জামায়াতকে নিবন্ধন দিলে তারা আদালতে যাবেন।
এদিকে, বাছাই কমিটির প্রধান নুরুল ইসলাম খান সোমবার জানান, ইসলামী ঐক্যজোট ও এই জোটভুক্ত আরও তিনটি দলের বিষয়ে মঙ্গলবার শুনানি হবে।
নেজামে ইসলাম, খেলাফত মজলিশ ও জমিয়তে উলামায়ে ইসলাম
bdnews24