২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি মামলায় এ কে এম মোশাররফকে আত্মসমর্পণের নির্দেশ

বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে ৯ নভেম্বরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 01:16 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে ৯ নভেম্বরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশও দিয়েছে আদালত। মোশাররফের আগাম জামিনের আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। শুনানিতে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর পক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুর রাজ্জাক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে গত ২৬ ফেব্র"য়ারি শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন। ফালুর জামিন স্থগিত এদিকে, সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়। ত্রাণের টিন আত্মসাতের এ মামলায় হাইকোর্ট গত ১৬ সেপ্টেম্বর ফালুকে জামিন দেয়। আপিল বিভাগের একই বেঞ্চ সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলায় কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে। এছাড়া, আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন অস্ত্র মামলায় তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হাইকোর্টে জামিন আদেশ এক মাসের জন্য স্থগিত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯১২ঘ.