ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন- বলেছেন তার তথ্য সচিব আবুল কালাম আজাদ।
তবে উপজেলা নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে হাসিনা অটল রয়েছেন। সংসদ নির্বাচনে 'না' ভোটের বিধান রাখা ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।
আজাদ রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। নির্বাচন নিয়ে জনমনে যে দ্বিধা-দ্বন্দ্ব ছিল, তফসিল ঘোষণার মাধ্যমে তা কেটে গেছে।"
তথ্য সচিব জানান, 'না' ভোটের বিধান রাখা ঠিক হয়নি বলেই মনে করেন শেখ হাসিনা। তার মতে, এতে বহু ভোট নষ্ট হবে এবং জটিলতার সৃষ্টি হবে।
"শেখ হাসিনা মনে করেন, ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করাও ঠিক হয়নি। উপজেলা নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত। একই সময়ে দু'টি নির্বাচনের প্রক্রিয়া বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। নির্বাচন কমিশন এই প্রক্রিয়া ঠিক মতো করতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।"
bdnews24