ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। তবে উপজেলা নির্বাচন নিয়ে 'বিভ্রান্তির' সৃষ্টি হবে মনে করছে তারা।
জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা শেষেই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তার দলের পক্ষ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই প্রতিক্রিয়া দেন।
সৈয়দ আশরাফ বলেন, "জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে আমরা স্বাগত জানাই। এই ঘোষণার মাধ্যমে আমরা নির্বাচনের দিকে আরো একধাপ এগিয়ে গেলাম। আমি দেশবাসীর প্রতি আহবান জানাবো, সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেন।"
উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "তবে, ২৮ তারিখে উপজেলা নির্বাচন নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দেবে বলে আমরা মনে করি। একইসঙ্গে দু'টি নির্বাচনের প্রক্রিয়া চললে জাতীয় ও উপজেলা নির্বাচন দু'টিই ক্ষতিগ্রস্ত হবে।"
আশরাফ জানান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী এবং কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে এ প্রসঙ্গে 'পরিপূর্ণ' প্রতিক্রিয়া দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০২৯ঘ.
bdnews24