ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের আসন সীমানা পুনর্র্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি রোববার নাকচ করে দিয়েছে হাইকোর্ট। রিটকারী পক্ষ হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিপারপতির আদালতে আপিলের আবেদন করেছে। সোমবার এ বিষয়ে শুনানি হবে।
বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের হাইকোর্ট বেঞ্চ সকালে আসন সীমানা পুনর্র্নির্ধারণ সংক্রান্ত রিটটি খারিজ করে দেন।
আদালতের আদেশের পরপরই নির্বাচন কমিশনের আইনজীবী শাহদীন মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালত নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দিয়েছে। ভোটার তালিকার প্রশ্নে আদালত বলেছে, সীমানা নির্ধারণের সঙ্গে ভোটার তালিকার কোনো সম্পর্ক নেই।"
শাহদীন মালিক বলেন, "এ রায়ের ফলে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণায় আর কোনো বাধা রইল না। কমিশন চাইলে যে কোনো সময় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে।"
রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।"
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আপিলের আবেদন করে রিটকারী পক্ষ। তারা হাইকোর্টের রায় স্থগিতেরও আবেদন জানায়।
তাদের এ আবেদনের ওপর সোমবার শুনানি হবে।
আপিল আবেদন করার পর ব্যারিস্টার অসীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে বলেন, "আপিল আবেদনের বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে একটি ফ্যাক্স পাঠানো হয়েছে।"
এর আগে গত ২ নভেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করতে পারেনি।
সকালে হাইকোর্টের আদেশের পর প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যায় তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
সবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মান্নান গত ৬ আগস্ট সীমানা পুনর্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
এর পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট এ সংক্রান্ত গেজেটের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
পাশাপাশি সীমানা পুনর্নির্ধারণের গেজেট কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না- জানতে চেয়ে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি রুল জারি করা হয়।
একই বিষয় নিয়ে এ বি এম নুরুল ইসলাম ও আরিফুর রহমান নামে দু'জন আরও দুটি রিট করেন। সবগুলো রিটের শুনানি একসঙ্গে চলে।
জাতীয় সংসদের তিনশ' আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গত ১০ জুলাই চূড়ান্ত গেজেট জারি করা হয়।
নির্বাচন কমিশনের যুক্তি, ২০০১ সালের আদমশুমারির পর নিয়ম অনুযায়ী আসন সীমানা পুনর্নির্ধারণ অপরিহার্য হয়ে পড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৭১০ ঘ.
bdnews24