২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট জিতলে রাষ্ট্রপতি হতাম: এরশাদ

২০০৭ সালে নির্বাচন হলে এবং তাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জিতলে এইচএম এরশাদ রাষ্ট্রপতি হতেন বলে তিনি দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 07:08 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

বরিশাল, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালে নির্বাচন হলে এবং তাতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জিতলে এইচএম এরশাদ রাষ্ট্রপতি হতেন বলে তিনি দাবি করেছেন। শনিবার বরিশালে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এ দাবি করেন। তিনি বলেন, "২০০৭ সালে বাতিল হওয়া সংসদ নির্বাচনে জিতলে আমাকে রাষ্ট্রপতির করার কথা ছিল।" আসন্ন নির্বাচনে মহাজোট সরকার গঠন করলে তার অবস্থান কী হবে- সাংবাদিকরা প্রশ্ন করলে এরশাদ এ কথা বলেন। ২০০৭ এর ২২ জানুয়ারির বাতিল হওয়া সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৬০টি আসনে মনোনয়ন পেয়েছিল। আসন্ন নির্বাচনেও মহাজোটের হয়ে অংশ নিতে আগ্রহী এরশাদ। মহাজোটের আসন বণ্টনের বিষয়ে আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত হবে জানিয়ে এরশাদ বলেন, "শেখ হাসিনা দেশে ফিরলে এসব বিষয়ে আলোচনা হবে। ২০০৭ সালে আমাদের ৬০ আসন দেওয়া হয়েছিল। কিন্ত এবার এখন পর্যন্ত চূড়ান্ত আলোচনা না হওয়ায় বলতে পারছি না, কে কতটি আসন পাবে।" জাপা চেয়ারম্যান আশাবাদী, ঘোষিত সময় ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন হবে। তবে উপজেলা নির্বাচন ঘোষিত সময়ে হবে কিনা- তা নিয়ে তার সংশয় রয়েছে। বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, "তফসিল ঘোষণায় বিলম্ব হতে পারে, কিন্ত জাতীয় সংসদ নির্বাচন ১৮ ডিসেম্বর হবেই বলে আমরা মনে করছি। তবে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচন নাও হতে পারে।" বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগে খালেদা জিয়ার দাবির প্রসঙ্গে তিনি বলেন, "এটা অযৌক্তিক। স্বাধীনতার পর এত ভালো কমিশন আমরা পাইনি। ছবিসহ ভোটার তালিকা এ সময়ের শ্রেষ্ঠ অর্জন।" সীমানা পুনর্নির্ধারণের পক্ষে মত দিয়ে এরশাদ বলেন, "এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। তাছাড়া এখন কোনও কোনও আসনে ১১ লাখ ভোটার, আবার কোনও কোনও আসনে মাত্র ২ লাখ ভোটার রয়েছে।" নির্বাচনে যুদ্ধাপরাধীদের অযোগ্য ঘোষণর বিষয়ে সাবেক এ রাষ্ট্রপতি বলেন, "কারা যুদ্ধাপরাধী তা আমাদের সবার জানা। কিন্ত তাদের তালিকা সরকারের কাছে না থাকায় চিহ্নিত করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। আগামীতে মহাজোট সরকার গঠন করলে যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিষয়ে জোটের সিদ্ধান্ত হবে।" আওয়ামী লীগ জরুরি অবস্থা প্রত্যাহার চাইলেও তাদের সঙ্গে জোটে আগ্রহী এরশাদের অবস্থান ভিন্ন। জরুরি অবস্থার পক্ষে মত দিয়ে তিনি বলেন, "জরুরি অবস্থায় নির্বাচন হলে ভোট চুরি, ব্যালটবাক্স ছিনতাই, কালোটাকার প্রভাব থাকবে না।" বর্তমান তত্ত্বাবধায়ক সরকারে অনেক ক্ষেত্রেই সফল বলে মনে করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, "সরকারের ব্যর্থতার চেয়ে সফলতাই বেশি।" সংবাদ সন্মেলনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.