ঢাকা, নভেম্বর অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধন নিয়ে আপত্তি শুনানির দিন পাঁচ দিন পেছানোর আবেদন জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির আইন বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন সরকার শনিবার সকালে নির্বাচন (ইসি) সচিবালয়ে এসে শুনানির সময় পেছানোর আবেদন দিয়ে যান।
তবে জামায়াতকে নিবন্ধন দিতে আপত্তি জানিয়ে আবেদন করা সংগঠনগুলোর প্রতিনিধিরা এদিন ইসি সচিবালয়ে উপস্থিত হন।
জামায়াত নেতা জসীম উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, "ইসির চিঠি আমরা দেরিতে পেয়েছি। ফলে এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়ার সুযোগ না পাওয়ায় আমরা সময় পেছানোর আবেদন জানিয়েছি।"
জামায়াতের চিঠি পাওয়ার কথা ইসি সচিবের একান্ত সচিব মউনউদ্দিন নিশ্চিত করলেও সকাল ১১টা পর্যন্ত এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনও সিদ্ধান্ত হয়নি।
জামায়াতকে নিবন্ধন দিতে আপত্তি জানানো অন্যতম সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়ক ও সাবেক সেনাপ্রধান হারুনূর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের আপত্তির কথা জানাতে আমরা শুনানিতে এসেছি।"
জামায়াতের নিবন্ধন বিষয়ে ২৬ অক্টোবর গণবিজ্ঞপ্তি প্রকাশের পর গত সোমবার ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইসিতে লিখিত আপত্তি জানায়।
এছাড়া জামায়াতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে আপত্তি জানায় জাসদ সমর্থিত ছাত্রলীগ।
ইসির যুগ্ম সচিব ও বাছাই কমিটির প্রধান নুরুল ইসলাম খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনানি না হওয়া পর্যন্ত জামায়াত নিবন্ধন পাচ্ছে না।"
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে জামায়াত দলের নাম বদলে ইসিতে আবেদন করে। পাশাপাশি গঠনতন্ত্রেও কিছু পরিবর্তন আনে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১৪২ ঘ.
bdnews24