২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল্লুরের হুমকি: হাসিনা ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না

শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে আওয়ামী লীগ। দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, "শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি না দিলে আমরা নির্বাচনে যাবো না। আর আওয়ামী লীগ নির্বাচনে না গেলে কিভাবে নির্বাচন হয় আমরা তা দেখতে চাই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে আওয়ামী লীগ। দলটির ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, "শেখ হাসিনাকে নিঃশর্ত মুক্তি না দিলে আমরা নির্বাচনে যাবো না। আর আওয়ামী লীগ নির্বাচনে না গেলে কিভাবে নির্বাচন হয় আমরা তা দেখতে চাই।" ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেন সংসদের নেতৃবৃন্দের সঙ্গে শুক্রবার বিকালে গুলশানের বাসভবনে মতবিনিময়ের সময় জিল্লুর রহমান একথা বলেন। সরকারের সমালোচনা করে জিল্লুর বলেন, "এক এগারোর পর আমাদের যে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে তা ফিরিয়ে দিতে হবে। এই সরকার ক্ষমতায় আসার পর অনেক আশ্বাস দিয়েছিলো। তাও পূরণ করেনি।" নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "দুই নভেম্বর তফসিল ঘোষণা না করলে ১৮ ডিসেম্বর কিভাবে নির্বাচন হবে ? খালেদা জিয়াকে একদিনে নয় মামলায় জামিন দেওয়া হয়েছে। কিন্তু, শেখ হাসিনার জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।" তিনি আরো বলেন, "১৮ ডিসেম্বর নির্বাচন হতেই হবে। ১৮ ডিসেম্বর নির্বাচন না হলে আর কবে হবে ?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৯১৫ ঘ.