ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ সফরে এসে জাতিসংঘ মহাসচিব বান কি মুন আওয়ামী লীগ ও বিএনপি'র নেতাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।
আগামী ১ নভেম্বর দুই দিনের সফরে কাঠমাণ্ডু থেকে ঢাকা এসে পৌঁছবেন বাংলাদেশ সফরকারী চতুর্থ জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আমি জানতে পেরেছি রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করবেন বান কি মুন। এটা সুখবর। আমি আশা করি এই আলোচনা উল্লেখযোগ্য হবে।"
বৃহস্পতিবার জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের মহাসচিব সুপাচি পানিচপাকদির সঙ্গে এক বৈঠকের পরে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের আলোচনায় দেশের ভবিষ্যতের বিষয়টি উঠে আসবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করবেন জাতিসংঘ মহাসচিব।
উপদেষ্টা বলেন, "জাতিসংঘ মহাসচিবের যে কোন দেশ সফরেই রাজনৈতিক বিষয় সম্পৃক্ত থাকে।"
এছাড়াও বান কি মুনের সঙ্গে আলোচনায় বাংলাদেশের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, জাতিসংঘের শান্তিরক্ষা এবং অন্যান্য বিষয়ও উঠে আসবে বলে ইফতেখার আহমেদ চৌধুরী জানান।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েনের নেতৃত্বে স্থানীয় কর্মকর্তাদের একটি দল বান কি মুনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি হিসেবে দুই সপ্তাহ আগে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেন।
আঙ্কটাড মহাসচিব পানিচপাকদির সঙ্গে বৈঠকের ব্যাপারে উপদেষ্টা জানান, আঙ্কটাড মহাসচিব খাদ্য উৎপাদনে বাংলাদেশের অগ্রগতির কথা উল্লেখ করেছেন।
আঙ্কটাড প্রধান সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের কৃষিক্ষেত্রে সাফল্যের কিছুদিক আমরা আফ্রিকার কিছু দেশে প্রয়োগ করতে চাই।"
তিনি জানান, উন্নয়নশীল দেশগুলোতে বাণিজ্য ও উন্নয়নে সহায়তা দানকারী সংস্থা আঙ্কটাড বাংলাদেশকে অভিবাসন ব্যবস্থাপনায় সহায়তা করবে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত বাংলাদেশের ভবিষ্যত অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক এক আলোচনায় অংশ নেবেন সুপাচি পানিচপাকদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এসকে/১৭৪১ঘ.
bdnews24