ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ২ নভেম্বর ঘোষণা হচ্ছে না। এ নিয়ে সৃষ্ট সংশয়ের সত্যতা নিশ্চিত করে নির্বাচন কমিশন (ইসি) বলছে, আসন সীমানা পুনর্র্নিধারণ বিষয়ে জটিলতার নিষ্পত্তি না হওয়ায় পূর্বঘোষিত ওই তারিখে তফসিল ঘোষণা সম্ভব হচ্ছে না।
তবে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের সময়সূচি ঠিক রয়েছে বলে জানিয়েছে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন, "আইনি জটিলতার কারণে ২ নভেম্বর (রোববার) তফসিল ঘোষণা সম্ভব হবে না। সীমানা পুনর্র্নিধারণের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ তুলে নেওয়ার জন্য আমরা আপিল করেছি। ২ নভেম্বর আদালত এ বিষয়ে আদেশ দেবে। এরপর যত দ্রুত সম্ভব আমরা তফসিল ঘোষণা করব।"
১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি ঠিক থাকবে নিশ্চিত করে তিনি বলেন, "২ নভেম্বর তফসিল ঘোষণা করা গেলে একটু বেশি সময় পাওয়া যেত। এখন সময় হয়তো কম থাকবে, কিন্তু নির্বাচনের কোনো অসুবিধা হবে না।"
ইসির মত নিয়ে গত ২০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আগামী ১৮ ডিসেম্বর জাতীয় নির্বাচন এবং ২৪ ও ২৮ ডিসেম্বর উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এরপর ২৫ অক্টোবর সিইসি বলেছিলেন, ২ নভেম্বর জাতীয় ও উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সিইসি বলেন, ''আমরা ২ নভেম্বর তফসিল ঘোষণার আশা করেছিলাম। কিন্তু সীমানা পুনর্র্নিধারণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তাই তফসিল ঘোষণায় একটু দেরি করতে হবে। তবে নির্বাচনের তারিখ ঠিক থাকবে।''
বড় দলগুলোর নিবন্ধনের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে জানিয়ে শামসুল হুদা বলেন, "জামায়াতের বিরুদ্ধে আপত্তি আসায় শনিবার শুনানির সিদ্ধান্ত হয়েছে। আর ছোট ছোট দলগুলোর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। দ্রুতই বিষয়গুলো চূড়ান্ত হয়ে যাবে। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত নিবন্ধন কাজ চালাতে কোনো বাধা নেই।"
দুই নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও মুহাম্মদ ছহুল হোসাইন এ সময় জানান, তারিখ পেছালেও নভেম্বরের প্রথম সপ্তাহেই সম্ভবত তফসিল ঘোষণা করা হবে।
কমিশনার ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি জানাতে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে দেখা করছেন।
জাতীয় সংসদের আসন সীমানা পুনর্র্নিধারণের বৈধতা নিয়ে সাবেক বিমান প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আবদুল মান্নান গত ৬ আগস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন। পরে এ বিষয়ে এ বি এম নূরুল ইসলাম ও আরিফুর রহমান নামে দু'জন আরও দুটি রিট দায়ের করেন। সবগুলো রিটের শুনানি বৃহস্পতিবার শেষ হয়েছে।
এ বিষয়ে রোববার আদেশ দেবে আদালত।
গত ১০ জুলাই জাতীয় সংসদের ১৩৩টি আসনের সীমানা পুনর্র্নিধারণ করে আসন সীমানার নতুন গেজেট জারি করা হয়। নির্বাচন কমিশনের যুক্তি, ২০০১ সালের আদমশুমারির পর নিয়ম অনুযায়ী আসন সীমানা পুনর্র্নিধারণ অপরিহার্য হয়ে পড়েছিল।
অস্ট্রেলীয় হাই কমিশনারের সাক্ষাৎ
এদিকে সিইসি ড. এটিএম শামসুল হুদা, দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৃহস্পতিবার সকালে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার ডগলস ফসকেট।
বৈঠক শেষে ডগলস ফসকেট জানান, কমিশনের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তারা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এই নির্বাচন পর্যবেক্ষণের জন্য অস্ট্রেলিয়া প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি সরকারের হাতে। আশা করি সরকার এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এসএনডি/এসকে/২০৩৩ঘ.
bdnews24