ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আসন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে জটিলতার অবসান এবং উপজেলা নির্বাচন পেছানো না হলে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় থেকেই যাবে বলে মনে করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার তিনি বলেছেন, "আসন পুনর্নির্ধারণ ও উপজেলা নির্বাচন যৌক্তিক সময়ে পিছিয়ে না দিলে ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শঙ্কা থাকছেই। আর সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে।"
দুপুরে শেরেবাংলা নগরে ন্যাম ফ্লাটে নিজের বাসায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
অবশ্য গত ২৩ অক্টোবর সরকারের সঙ্গে সংলাপের পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছিলেন, এই সংলাপের মধ্য দিয়ে তার দল আশ্বস্ত হয়েছে যে ১৮ ডিসেম্বরেই নির্বাচন হবে।
বুধবার আশরাফুল ইসলাম বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আওয়ামী লীগ নতুন সীমানায় নির্বাচন করতে চায়।
নির্বাচনী জোট হলে আওয়ামী লীগ শরিকদের জন্য কতগুলো আসন ছেড়ে দেবে তা জানতে চাইলে তিনি বলেন, "যাদের জয়ী হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে।
"সাধারণ মানুষের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের কালো টাকা নেই- মনোনয়নের সময় তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে।"
এক প্রশ্নের জবাবে আশরাফুল বলেন, "আগামী ছয় নভেম্বর কার্যনির্বাহী সংসদের বৈঠকে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর আগে, গত ২৬ অক্টোবর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে তৃণমূল থেকে আসা মতামতের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার খসড়া চূড়ান্ত করা হয়।
ওই খসড়া অনুযায়ী, আওয়ামী লীগের সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির সদস্যরা প্রতিটি আসনের জন্য পাঁচজনের নাম ঠিক করবেন। তফসিল ঘোষণার পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নের ফর্ম দেওয়া হবে। প্রতিটি ফর্মের দাম ধরা হয়েছে পাঁচ হাজার টাকা।
শেখ হাসিনা কবে দেশে ফিরবেন জানতে চাইলে আশরাফুল জানান, নভেম্বরের ১ বা ২ তারিখে আওয়ামী লীগ সভানেত্রী লন্ডনে আসবেন। তারপর তিনি দেশে ফেরার তারিখ চূড়ান্ত করবেন।
শেখ হাসিনার দেশে ফেরার দিন ঢাকায় 'ব্যাপক জনসমাগম' করা হবে বলেও জানান ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/জিএনএ/১৭২১ ঘ.
bdnews24