২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপত্তির শুনানি না হওয়া পর্যন্তনিবন্ধন পাচ্ছে না জামায়াত

জামায়াতে ইসলামীর নিবন্ধনের বিষয়ে আপত্তি আবেদনের ওপর দুই পক্ষের শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) 'নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 02:49 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নিবন্ধনের বিষয়ে আপত্তি আবেদনের ওপর দুই পক্ষের শুনানি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) 'নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটি'। শিগগিরই এ শুনানি হবে জানিয়ে ইসির যুগ্ম সচিব ও বাছাই কমিটির প্রধান নুরুল ইসলাম খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, শুনানি না হওয়া পর্যন্ত জামায়াত নিবন্ধন পাচ্ছে না । তিনি বলেন, "ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরামসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে জামায়াতের নিবন্ধন বিষয়ে আপত্তি পেয়েছি। এ বিষয়ে জামায়াত ও সংগঠনগুলোর শুনানি করার সিদ্ধান্ত ইসির কাছে পাঠানো হয়েছে। তারা শুনানির সময়সূচি নির্ধারণ করবে।" আবেদনকারী সংগঠনগুলোর আপত্তির বিষয়ে আলাদা আলাদা শুনানি হবে বলে জানান যুগ্ম সচিব। জামায়াতের নিবন্ধন বিষয়ে ২৬ অক্টোবর গণবিজ্ঞপ্তি প্রকাশের পর সোমবার ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইসিতে লিখিত আপত্তি জানায়। এছাড়া দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আপত্তি জানিয়ে সোমবার নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ। এদিকে, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর নিবন্ধনের বিরুদ্ধেও ইসিতে একটি আপত্তি আবেদন জমা পড়েছে। ৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করার কথা নির্বাচন কমিশনের। এদিকে, বিদেশি পর্যবেক্ষকদের ভিসা সমস্যা নিরসনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠক করেছে নির্বাচন কমিশন। বৈঠকের পরে ইসি সচিবালয়ের এক কর্মকর্তা জানান, নির্বাচন পর্যবেক্ষণে ইচ্ছুক বিদেশিদের দীর্ঘমেয়াদে দুই মাস ও স্বল্প মেয়াদে ১৫ দিনের ভিসা দেওয়া হবে। যেসব দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে সেসব দেশের পর্যবেক্ষণ সংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবে। বাংলাদেশের দূতাবাস না থাকলে 'ভিজিটর' ভিসার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএনডি/এসকে/২০৩৭ঘ.