বাগেরহাট, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিকল্প ধারার প্রধান সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
তিনি বলেন, "সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় না দিতে এবং নিজেকে দুর্নীতির বাইরে রাখতে প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের প্রতিশ্র"তি দিতে হবে।"
মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা বিকল্প ধারার কর্মী সম্মেলনে বি. চৌধুরী এ কথা বলেন।
সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধের জন্য তিনি নিজ দলের কর্মীদের প্রতিটি ভোটারের দরজায় গিয়ে অপরাজনীতির বিরুদ্ধে কথা বলার আহ্বান জানান।
বি. চৌধুরী বলেন, "সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এখন ঐকমত্যের সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। একমাত্র ঐকমত্যের সরকারই পারবে দুর্নীতি ও সন্ত্রাস প্রতিরোধ করতে।"
তিনি বলেন, "বিকল্প ধারা একটি আদর্শিক রাজনীতিকে সামনে রেখে দারিদ্র্যমুক্ত গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাঠে নেমেছে।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে সমাজের উন্নতি করা যায় না। দেশকে ভালবাসতে হলে দেশের মেহনতী মানুষ তথা কৃষক ও শ্রমিকদের ভালবাসতে হবে।"
বক্তৃতা শেষে তিনি উপস্থিত নেতা-কর্মীদের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান।
জেলা বিকল্প ধারার আহ্বায়ক বেগ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ আব্দুর রশিদ, যুবধারা বাংলাদেশের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বিপ্লব, স্থানীয় মুক্তিযোদ্ধা পাঠান আব্দুল মান্নান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24