ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ, জয়লাভ ও সরকার গঠনের ব্যাপারে নিঃসন্দেহ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় সভাপতিমণ্ডলীর জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আওয়ামী লীগই আগামীতে সরকার গঠন করবে- এ বিষয়ে দৃঢ় আশাবাদ জানিয়ে আশরাফুল ইসলাম বলেন, "আইন অনুযায়ীই শেখ হাসিনা নির্বাচনে অংশ নেবেন। শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো সংশয় নেই। তার নেতৃত্বেই আমরা নির্বাচনে যাবো, নির্বাচনে জয়লাভ করবো এবং সরকার গঠন করবো। এতে কোনো সন্দেহ নেই।"
সভাপতিমণ্ডলীর সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ার খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) তৃণমূল থেকে মনোনয়নের কথা বলা হয়েছে। সে অনুযায়ী আমরা গঠনতন্ত্রে পরিবর্তন এনেছি। তৃণমূল থেকে মনোনয়নের প্রক্রিয়া কী হবে তা আমরা মোটামুটি নির্ধারণ করেছি। কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে অনুমোদন করার পরই তা মাঠ মাঠ পর্যায়ে পাঠিয়ে দেওয়া হবে।"
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, প্রতিটি সংসদীয় আসনের অর্ন্তভূক্ত ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটির সদস্যরা ওই আসনের জন্য পাঁচজনের নাম ঠিক করবেন। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটি বর্ধিত সভা করে এদেরমধ্যে থেকে প্রার্থীর নাম বাছাই করবে। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নের ফর্ম দেওয়া হবে। প্রতিটি ফর্মের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।
তফসিল ঘোষণার পরও জরুরি অবস্থা থাকলে কীভাবে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চালানো হবে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, "আমরা বলবো, জরুরি অবস্থা ভেঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করো।"
উপজেলা নির্বাচন ঘোষিত সময় থেকে পিছিয়ে দিয়ে বাস্তব সম্মত সময়ে তা অনুষ্ঠানের আহবান জানিয়ে আশরাফ বলেন, "নির্বাচন কমিশন রোডম্যাপ অনুযায়ী কোনো কাজই করেত পারেনি। তবে এজন্য আমরা তাদের দোষ দেবো না। কারণ, তাদের অভিজ্ঞতা নেই। আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। আমরা রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতেই বলছি - এতো কাছাকাছি সময়ে দু'টি নির্বাচন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা আশা করবো, নির্বাচন কমিশন একগুয়েমি না করে উপজেলা নির্বাচনের তারিখ পরিবর্তন করবে।"
আগামী এক সপ্তাহের মধ্যে সংসদীয় আসন সংক্রান্ত জটিলতা নিরসন না হলে পুরনো সীমানার ভিত্তিতেই নির্বাচন করার আহবান জানান আশরাফ।
তিনি বলেন, "প্রার্থীরাও জানেন না তাদের নির্বাচনী এলাকা কোনটা এবং ভোটাররাও জানেন না তারা কোন আসনের ভোটার।"
সীমানা পুর্ননির্ধারণ নিয়ে জটিলতার অবসান না হলে আগামী ২ নভেম্বর তফসিল ঘোষণা করা যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
জিল্লুর রহমানের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমদ, মহিউদ্দিন খান আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/জিএনএ/২২০৯ ঘ.
bdnews24