ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে সাবেক দু'প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে ভিআইপি মর্যাদায় তিন মাস নিরাপত্তা দেবে সরকার। এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স) সদস্যরা এ সময় তাদের নিরাপত্তা দেখভাল করবে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এর সভাপতিত্বে রোববার বিকেলে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে পরবর্তী তিনমাস দু'নেত্রীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
'স্পেশাল সিকিউরিটি অর্ডিন্যান্স ১৯৮৬' এর আওতায় সাবেক দুই প্রধানমন্ত্রীকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সরকারের দ্বিতীয় দফা সংলাপ শেষে যৌথসংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জানিয়েছিলেন, নির্বাচনের সময় শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের দলীয় নেত্রীকে এ ধরনের নিরাপত্তা দেওয়ার দাবি জানানো হয়েছে।
গত বছরের ২২ ফেব্র"য়ারি খালেদা ও হাসিনার নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যদের প্রত্যাহার করে নেয় সরকার।
এর আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর ৪ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর দুই নেত্রীর নিরাপত্তায় নিয়োজিত হয় এসএসএফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএ/এসএনডি/জিএনএ/১৮৫৩ ঘ.
bdnews24