২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাপা

নবম সংসদ নির্বাচনের জন্য রোববার দলের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা) । নির্বাচনী এলাকার নতুন সীমানা অনুযায়ী ফর্ম দিচ্ছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2008, 08:09 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )-নবম সংসদ নির্বাচনের জন্য রোববার দলের প্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা) । নির্বাচনী এলাকার নতুন সীমানা অনুযায়ী ফর্ম দিচ্ছে দলটি। বেলা ১২টায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তিনটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করার মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। জাপার চেয়ারম্যানের বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এইচ এম এরশাদ বলেন, "আমরা তিনশ' আসনে প্রার্থী দেব। জোটের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই যে দলের প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে তাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।" পুনর্র্নিধারিত সীমানায় মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে উল্লেখ করে এরশাদ জানান, তিনি ঢাকা-১৭, রংপুর -৩ ও হবিগঞ্জ-৩ আসনে প্রার্থী হবেন। এছাড়া দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ ময়মনসিংহ-৪ ও গাইবান্ধা-৫ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, "রোববার সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত আদালতের রায় হওয়ার কথা রয়েছে। যদি রায়ে নতুন সীমানা বাতিল হয়ে যায় তাহলে আগের সীমানা অনুযায়ীই মনোনয়ন দেওয়া হবে।" নতুন নির্বাচনী আইন ও নীতিমালা অনুসরণ করে তৃণমূল পর্যায় থেকে প্রার্থী বাছাইয়ের পর কেন্দ্রীয়ভাবে মনোনয়ন চূড়ান্ত করা হবে বলেও তিনি জানান । মহাজোটের সঙ্গে 'সবসময়ই যোগাযোগ হচ্ছে' জানিয়ে এরশাদ বলেন, "জোটের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই আমরা আসন চাইব। জাপার আসন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।" গত নির্বাচনে তাদের ৬০টি আসন দেওয়া হয়েছিল জানিয়ে এরশাদ বলেন, "এবার এর সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে।" তিনি আরও বলেন, " আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না।" ১৮ই ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেন জাপার চেয়ারম্যান। দুই শীর্ষ নেত্রীও নির্বাচনে অংশ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। জরুরি অবস্থার মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে মন্তব্য করে তিনি বলেন, "জরুরি অবস্থার মধ্যেই নির্বাচন হবে। প্রয়োজনে কিছু বিধি নির্বাচনের সময় শিথিল হবে বলে আশা রাখি। আর ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই নির্বাচন সুষ্ঠু হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমডি/এসকে/১৩৫০ঘ.