ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন- এমন কোনো আশ্বাস তত্ত্বাবধায়ক সরকার এখনো দেয়নি বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
শনিবার বিকেলে গুলশানে নিজ বাসায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের পর জিল্লুর সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "নেত্রীর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সরকার আমাদের কোনো সুস্পষ্ট আশ্বাস দেয়নি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, উনি নির্বাচন পরিচালনা করতে পারবেন এবং তার নেতৃত্বে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ায় কোনো বাধা নেই। কিন্তু উনি নির্বাচনে দাঁড়াতে পারবেন- এ কথা তারা বলেনি।"
গত বৃহস্পতিবারের সংলাপে সরকারের তরফ থেকে দলটিকে বলা হয়েছিল- নির্বাচন পরিচালনা ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার জন্য কোনো বাধা নেই।
এর পরদিন থেকেই আওয়ামী লীগ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি করছে।
জিল্লুর রহমান শনিবার সাংবাদিকদের বলেন, "১৮ ডিসেম্বর দেশে নির্বাচন হতেই হবে; আমরা নির্দিষ্ট তারিখে নির্বাচন চাই। তবে জাতীয় নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য উপজেলা নির্বাচন জাতীয় নির্বাচনের কমপক্ষে একমাস পর করতে হবে।"
নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারেরও দাবি জানিয়ে তিনি বলেন, "জরুরি অবস্থা মার্শাল ল'র ছোট ভাই। এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়। নির্বাচন করতে গেলে যদি কোনো রকম বাধা থাকে, কোনো নিয়ন্ত্রণ থাকে তাহলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।"
আবারও শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরও বলেন, "শেখ হাসিনাকে অবশ্যই নিঃশর্ত মুক্তি দিতে হবে। তাকে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে।"
দলের হবিগঞ্জ জেলা সভাপতি ডা. মুশফিক হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু জহিরের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসএনডি/এসকে/১৯৫৬ঘ.
bdnews24