চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া ও শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা- সে বিষয়ের সুরাহা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।
তিনি শনিবার চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, "দুই নেত্রীর (খালেদা ও হাসিনা) স্ব স্ব দলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি এখন প্রতিষ্ঠিত। তবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তার উত্তর মিলবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।"
হোসেন জিল্লুর শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন করেন।
ওই অনুষ্ঠান শেষে তার সঙ্গে কথা হয় সাংবাদিকদের। দুই নেত্রী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা- সাংবাদিকরা প্রশ্ন করলে ওই কথা বলেন তিনি।
উপদেষ্টা এ প্রসঙ্গে আরও বলেন, "বর্তমানে দুই নেত্রী তাদের নিজ নিজ দলে সুর্নিদিষ্ট রাজনৈতিক দিক নির্দেশনা দিচ্ছেন। সুতরাং উভয় দলে তাদের নেতৃত্বের প্রশ্নে সন্দেহের কোনও অবকাশ নেই।"
সরকারের পক্ষ থেকে বারবার বলা রাজনৈতিক গুণগত পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে হোসেন জিল্লুর বলেন, "গুণগত পরিবর্তন সরকারের কোনও ফর্মূলা নয়। জনগণ নির্বাচনের মধ্য দিয়ে উন্নততর অবস্থার দিকে যেতে চায়। আমরা রাজনীতিবিদদের কাছ থেকে স্থিতিশীলতা প্রত্যাশা করি।"
তিনি বলেন, "আমরা নির্বাচনী মহাসড়কে উঠে গেছি। নির্বাচনের মধ্য দিয়ে একটি উন্নততর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার বিষয়টি জনগণ রাজনীতিবিদদের কাছ থেকে প্রত্যাশা করে।"
জনগণ রাজনীতিবিদদের দিকে তাকিয়ে আছে- মন্তব্য করে উপদেষ্টা জিল্লুর বলেন, "দেশে নির্বাচনোত্তর স্থিতিশীলতা আসবে কি না, কিভাবে দেশ চালানো হবে- রাজনীতিবিদদের যৌথভাবে সে ঘোষণা দিতে হবে।"
উপদেষ্টা রাজনীতিতে জনসেবার সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪৩২ ঘ.
bdnews24