২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তফসিলের তারিখ ঘোষণা নির্বাচন নিয়ে সংশয় দূর করলো: তোফায়েল

আগামী ২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2008, 08:16 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দেওয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, "২ নভেম্বর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এর মধ্য দিয়ে ১৮ ডিসেম্বর নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় দূর হবে।" তোফায়েল দাবি করেন, শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে আইনি কোনও বাধা নেই। শনিবার সকালেই শেরে বাংলানগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনের পর সিইসি এটিএম শামসুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২ তারিখে (২ নভেম্বর) সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল এক সঙ্গে ঘোষণা করব আমরা।" সিইসি সংসদ ও উপজেলা নির্বাচনের তফসিল একসঙ্গে হবে জানালেও তোফায়েল আহমেদ দুটি তফসিলের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। আওয়ামী লীগ উপজেলা নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন এবং ২৪ ও ২৮ ডিসেম্বর দুই পর্যায়ে উপজেলা নির্বাচনের তারিখ আগেই ঘোষণা করা হয়। শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ১৪ দলের বৈঠক শেষে তোফায়েল আহমদ সাংবাদিকদের বলেন, "আমরা আশা করছি, সংলাপে আমাদের যেসব বিষয় আলোচনা হয়েছে, তা বাস্তবায়ন করেই সরকার সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে।" ১৪ দলের বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, "১৪ দল একটি আদর্শিক জোট। এ জোটকে কিভাবে ধরে রাখা যায়- তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে।" আসন্ন সংসদ নির্বাচনের আগেই বড় ধরনের নির্বাচনী জোট গঠনের আশা প্রকাশ করে তোফায়েল বলেন, "জোট হবে। প্রগতিশীল ও গণতান্ত্রিক শক্তিকে নিয়ে অবশ্যই নির্বাচনী জোট হবে।" শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ায় ক্ষেত্রে অনিশ্চয়তা আছে কিনা- প্রশ্ন করা হলে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য তা উড়িয়ে দিয়ে বলেন, "এ ধরনের অবান্তর প্রশ্ন কেন করেন?" এরপরই তিনি বলেন, "জোর করে কাউকে নির্বাচনে অংশ নিতে না নিলে ধরে নিতে হবে সরকার নির্বাচন চায় না। আইনগতভাবে শেখ হাসিনার নির্বাচনে অংশ নিতে কোনও বাধা নেই।" এ প্রসঙ্গে তোফায়েল আরও বলেন, "কে নির্বাচনে অংশ নিতে পারবেন, আর কে পারবেন না- তা উপদেষ্টারা বলতে পারেন না। এটা শুধু বলতে পারে সংবিধান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪১০