২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ছাড়া নির্বাচন নয়: দেলোয়ার

দ্বিতীয় দফা সংলাপের পর সরকারের মধ্যে 'ইতিবাচক' মনোভাব দেখলেও নির্বাচনে যাওয়ার বিষয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছেনি বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2008, 08:24 AM

Updated : 26 Aug 2022, 02:33 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফা সংলাপের পর সরকারের মধ্যে 'ইতিবাচক' মনোভাব দেখলেও নির্বাচনে যাওয়ার বিষয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছেনি বিএনপি। দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার বলেছেন, সরকারকে দেওয়া সাত দফা বাস্তবায়ন হওয়ার পরই তারা নির্বাচনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সাত দফা দাবিতে খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি সরাসরি না থাকলেও দেলোয়ার সাফ জানিয়ে দিয়েছেন, চেয়ারপারসনকে ছাড়া নির্বাচনে যাবে না তার দল। বৃহস্পতিবারের সংলাপ শেষে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, "বিএনপির সাতটি দাবির মধ্যে ছয়টির বিষয়ে বৈঠকে দুই পক্ষের মতৈক্য হয়েছে।" শুক্রবার দেলোয়ার হোসেনও বলেন, "ছয়টি বিষয় সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে। উপজেলা নির্বাচনের বিষয়ে আরও আলোচনা হবে। সরকার তার প্রতিশ্র"তি দ্রুত বাস্তবায়ন করবে বলে আমরা আশা করছি। সরকারের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ করছি আমরা।" উপজেলা নির্বাচনের বিষয়ে দুই পক্ষ একমত হতে পারেনি বলে সংলাপ শেষে জানানো হয়। তবে শুক্রবার খোন্দকার দেলোয়ার জানিয়েছেন, তারা নির্বাচনে দলীয় প্রধান খালেদা জিয়ার অংশগ্রহণের নিশ্চয়তা চান। খোন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার সংসদ ভবন এলাকার ন্যাম ফ্ল্যাটে নিজের বাসায় সাংবাদিকদের বলেন, "সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে সরকারের কাছে আমরা সাত দফা প্রস্তাব দিয়েছি। এর বাস্তবায়ন হওয়ার পরই বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।" "আমরা যে প্রস্তাব দিয়েছি, সরকার তা মেনে নিলে আমাদের নির্বাচনে না যাওয়ার কোনও কারণ নেই", বলেন তিনি। নির্বাচনে যেতে আগ্রহের কথা জানিয়ে দেলোয়ার বলেন, "বিএনপি নির্বাচনমুখী দল; নির্বাচনে অংশ নিতে আমরা ইচ্ছুক। তবে সে নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক।" বৃহস্পতিবার সরকারের সঙ্গে সংলাপে বিএনপি তাদের সাত দফা প্রস্তাব পুনরায় তুলে ধরে। বিএনপির দাবিগুলো হচ্ছে- জরুরি অবস্থা প্রত্যাহার, উপজেলা নির্বাচন পেছানো, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, বন্দি নেতাদের মুক্তি, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন, পুরনো সীমানায় নির্বাচন ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি। গত ১৪ অক্টোবর প্রথম দফা সংলাপে সাত দফা উত্থাপন করা হয়। নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, "খালেদা জিয়া নির্বাচন অংশ নিতে না পারলে সে নির্বাচনে বিএনপি যাবে না।" এ বিষয়ে বৃহস্পতিবারের সংলাপের পর উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, "খালেদা জিয়া তার দলের নেতৃত্ব দেবেন, দলকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন- এতে কোনও বাধা নেই। তার রাজনীতিতে থাকার বিষয়টি ডিসাইডেড। বাকি বিষয়গুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হবে।" খালেদা জিয়ার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি বিচারাধীন। তিনি জামিনে মুক্ত রয়েছেন। জরুরি অবস্থা নির্বাচনের আগেই তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, "জরুরি অবস্থা সম্পূর্ণ প্রত্যাহার করা না হলে নির্বাচনের ক্ষেত্রে অনেকেই অনেক বাধার সম্মুখীন হবে। তাই জরুরি অবস্থা পুরোপুরি তুলে নিতে হবে। ধাপে ধাপে প্রত্যাহার কিংবা শিথিল আমরা চাই না।" জরুরি অবস্থার বিষয়ে উপদেষ্টা হোসেন জিল্লুর সংলাপ শেষে বলেছিলেন, "জরুরি অবস্থা সরকারের একগুঁয়েমির কোনও বিষয় নয়। ধাপে ধাপে স্বল্পতম সময়ে এর সংশ্লিষ্ট ধারাগুলো শিথিল করা হবে। নির্বাচনী পরিবেশ তৈরির জন্য বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখা হচ্ছে।" অনেক টানাপড়েনের পর গত ২০ অক্টোবর শেষ সময়ে রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দেয় বিএনপি। দলটি বলেছে, বাধ্য হয়েই তারা নিবন্ধন করেছেন। ওই সময় খোন্দকার দেলোয়ার জানান, 'বাধ্য' হয়ে নিবন্ধন করলেও 'বাধ্য' হয়ে কোনও নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আগামী ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নভেম্বরের শুরুতেই এর তফসিল আসবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সংসদ নির্বাচনের কয়েকদিন পরই ২৪ ও ২৮ ডিসেম্বর দুই পর্যায়ে উপজেলা নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৪১৬ ঘ.