চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সাংসদ হারুনুর রশিদ ও তার স্ত্রী সদর উপজেলা বিএনপির সভানেত্রী আসিফা আশরাফী পাপিয়ার বিরুদ্ধে দলের চেয়ারপারসনের কাছে লিখিত অভিযোগ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জের এ আসন থেকে হারুনুর রশিদকে মনোনয়ন না দেওয়ার দাবিও করেছেন তারা।
বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থল বন্দরে বাংলোয় বৃহত্তর রাজশাহীর চার জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবীর হোসেনের সঙ্গে মতবিনিময়কালে তারা একটি লিখিত অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে হারুনুর রশিদ ও তার স্ত্রী পাপিয়ার বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলার দলীয় কার্যালয় হারুনুর রশিদ ও তার স্ত্রীর দখলমুক্ত করার দাবিও জানানো হয়।
সভায় দলের সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।
এর আগে বন্দর এলাকায় অনুষ্ঠিত হয় শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্মী সভা।
উপজেলা বিএনপির সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবীর হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, নওগাঁ জেলা বিএনপির সভানেত্রী সাবেক সাংসদ রায়হান আকতার রনি, জাহান পান্না, চাঁপাইনবাবগঞ্জ জেলা জাসাসের সভাপতি আবু তাহের খোকন, বিএনপি নেতা মসিদুল হক মাসুদ, এজাবুল হক বুলি, আশরাফুল আলম রশিদ, রফিকুল ইসলাম বুলবুল,জেলা ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় কবীর হোসেন বলেন, জরুরি অবস্থা প্রত্যাহার না হলে বিএনপি নির্বাচনে যাবে না। বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক, তার পক্ষে কাজ করার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24