ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নতুন সংশোধিত গঠনতন্ত্রে কয়েকটি ধারা থেকে সংবিধান পরিপন্থী কিছু শব্দ প্রত্যাহার নিয়েছে।
এর ফলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে জামায়াতের আর কোন সমস্যা হবে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) 'নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটি'।
ইসির যুগ্ম সচিব এবং নিবন্ধন আবেদন যাচাই-বাছাই কমিটির প্রধান নূরুল ইসলাম খান বৃহস্পতিবার এ কথা বলেছেন।
কমিশনের যাচাই-বাছাই কমিটি ইসিতে দাখিল করা জামায়াতে ইসলামীর খসড়া গঠনতন্ত্রের ধারা-২ (৫), ধারা-৩, ধারা-৫(৩) এবং গঠনতন্ত্রের স্থায়ী কর্মসূচি শিরোনামে ধারা-৬ (৪) দেশের সংবিধানের মূলনীতির পরিপন্থী বলে মত দিয়েছিলেন।
বুধবার রাত ৮.৩০ টায় জামাতের প্রতিনিধি দল কমিশনে তাদের নতুন সংশোধিত গঠনতন্ত্র জমা দেয়। যেখানে ২(৫) ধারার কিছু শব্দ প্রত্যাহার করা হয়েছে।
জামায়াতের গঠনতন্ত্রের ২(৫) ধারায় সংসদের সার্বভৌমত্ব ও আইনসভার কর্তৃত্ব অস্বীকার করা হয়েছিল বলে যাচাই-বাছাই কমিটি জানিয়েছে।
নূরুল ইসলাম খান বলেন, "অন্যান্য ধারাগুলোর বিষয়ে জামায়াতের ব্যাখ্যায় কমিশন সন্তুষ্ট।"
এর মাধ্যমে বিএনপি, আওয়ামী লীগ ও জামাতসহ বড় দলগুলোর নিবন্ধন নিশ্চিত হল।
নূরুল ইসলাম আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ ঘোষিত যে চারটি দলের নাম তারা পেয়েছেন সেগুলো হল শাহাদাত-ই-আল হিকমা, জাগ্রত মুসলিম জনতা, জামায়াতুল মুজাহিদিন ও হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)।
নিবন্ধনের আবেদন করা ১০৭টি দলের মধ্যে ৩০-৪০টি দল নিবন্ধনযোগ্য বলে মনে করেন তিনি।
৩০ অক্টোবরের মধ্যে নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম শেষ করে ২ নভেম্বরের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার কথা রয়েছে ইসির।
এর আগে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল অধ্যায়ের জামায়াতের গঠনতন্ত্রের ধারা-৩ সংবিধানে উদ্ধৃত শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় রাষ্ট্রের মূল লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ৫ (৩) ধারা দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মূলনীতির পরিপন্থী।
৬ (৪) ধারায় নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার করার ঘোষণা জামায়াত দিয়েছে তাও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিপন্থী বলে যাচাই-বাছাই কমিটি মনে করেছিল কমিশন।
গত ১৯ অক্টোবর নিবন্ধন আবেদন জমাদানকালে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এম কামারুজ্জামান বলেছিলেন, বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌমত্ব মেনে নিয়ে দলের সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় প্রয়োজনীয় প্রস্তাবনা সংযোজন করা হয়েছে। 'বিভ্রান্তি' এড়াতে দলের নাম পাল্টে করা হয়েছে 'বাংলাদেশ জামায়াতে ইসলামী'।
বাছাই কমিটির একজন সদস্য গঠনতন্ত্রের অসামঞ্জস্যতা নিয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যে জামায়াতের সঙ্গে যোগাযোগ করে। জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও আইন সম্পাদক অ্যাডভোকেট জসিমউদ্দীন সরকার বুধবার বিকেলেই বাছাই কমিটির প্রধানের সঙ্গে বৈঠক করেন।
সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক- এমন দলীয় গঠনতন্ত্র থাকলে নিবন্ধন পাবেন না কোনো দল ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফডাব্লিউসি/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24