২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদের মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন

নাইকো, অবৈধ সম্পত্তি অর্জন ও অবৈধ মাদকদ্রব্য রাখাসহ কয়েকটি মামলার আসামী সাবেক আইনমন্ত্রী বিএনপি নেতা মওদুদ আহমদের অবিলম্বে মুক্তি দাবি করেছে 'মওদুদ আহমদ মুক্তি পরিষদ' নামে এক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2008, 12:26 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো, অবৈধ সম্পত্তি অর্জন ও অবৈধ মাদকদ্রব্য রাখাসহ কয়েকটি মামলার আসামী সাবেক আইনমন্ত্রী বিএনপি নেতা মওদুদ আহমদের অবিলম্বে মুক্তি দাবি করেছে 'মওদুদ আহমদ মুক্তি পরিষদ' নামে এক সংগঠন। জাতীয় প্রেসক্লাবে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ এ দাবি জানান। তিনি অভিযোগ করেন, "সাবেক আইনমন্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারে জটিলতা, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে ভুগছেন। হাসপাতালে তার অস্ত্রোপচারও হয়েছে। মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য ব্যারিস্টার মওদুদকে বিদেশে পাঠানোর সুপারিশ করলেও সরকার সাড়া দিচ্ছে না।" পরিষদ নেতারা সাবেক আইনমন্ত্রীর বিরুদ্ধে সব মামলাকে 'মিথ্যা' অভিহিত করে তা প্রত্যাহারেরও দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, জয়নাল আবেদীন ফারুক ও শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। জরুরি অবস্থা জারির পর মওদুদ আহমদকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/১৮২১ঘ.