ঢাকা, অক্টোবর ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী এক সপ্তাহের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ সমস্যার নিষ্পত্তি না হলে পুরনো সীমানায় নির্বাচন করার দাবি করেছে আওয়ামী লীগ।
মঙ্গলবার সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় সভাপতিমণ্ডলীর এক সভার পর এ দাবির কথা জানান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি বলেন," নির্বাচনের দুই মাসেরও কম সময় থাকলেও এখনো প্রার্থীরা জানেন না তারা কোথা থেকে নির্বাচন করবেন। সুতরাং এ ব্যাপারে সময়ক্ষেপণ না করে আগামী এক সপ্তাহের মধ্যে সীমানা পুর্ননির্ধারণের সমস্যার নিস্পত্তি করতে হবে। না হয় আগের সীমানায় নির্বাচন করতে হবে।"
সীমানা পুনর্নির্ধারণ যেন নির্বাচনের পথে প্রতিবন্ধকতা না হয় তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।
সৈয়দ আশরাফ আরও বলেন "নির্বাচন বানচালের সকল পথ বন্ধ করতে হবে।'
জাতীয় সংসদ নির্বাচনের আসন সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে মামলা থাকায় শেষ পর্যন্ত কোন সীমানা অনুযায়ী নির্বাচন হবে তা এখনো স্পষ্ট নয়।
সৈয়দ আশরাফুল জানান, সভাপতিমণ্ডলীর সভায় আগামী বৃহস্পতিবার সরকারের সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপে কি কি বিষয় দলের পক্ষ থেকে উত্থাপন করা হবে তা নিয়ে আলোচনা করা হয়।
সংলাপের জন্য প্রধান উপদেষ্টার সচিব স্বাক্ষরিত আমন্ত্রণপত্র মঙ্গলবার বিকালে হাতে পেয়েছেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় সরকার ও আওয়ামী লীগের মধ্যে আরেক দফা সংলাপ অনুষ্ঠিত হবে।
আশরাফুল জানান, সংলাপে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি ও তার নামে দায়েরকৃত সব মামলা ও জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানানো হবে।
তিনি বলেন,"শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে যাবে না এবং সে নির্বাচন গ্রহণযোগ্যও হবে না। তাই আশা করব সরকার যদি সুষ্ঠু নির্বাচন চায় তাহলে শেখ হাসিনার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোন বাধা দেবে না।"
উপজেলা নির্বাচন 'যৌক্তিক' সময়ে করা, নির্বাচনী কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনের সময় টেলিভিশন বিশেষ করে বিটিভির নীতিমালা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে বলেও তিনি জানান।
শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ আশরাফ জানান, দেশে ফেরার পর সরকারের কাছে তাকে প্রধান মন্ত্রীর মত নিরাপত্তা দেওয়ার দাবি করা হবে।
দেশে জঙ্গী হামলার আশঙ্কা প্রকাশ করে সৈয়দ আশরাফুল বলেন, "২১ আগস্ট গ্রেনেড হামলাসহ বিভিন্ন হামলার পর এ ধরণের আশঙ্কা থেকেই যায়।"
জামিনে মুক্ত চট্টগ্রামের মেয়র মহিউদ্দিনকে দায়িত্ব না দেওয়ার বিষয়টিকে সরকারের 'ডাবল স্ট্যান্ডার্ড' হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন " ঢাকার মেয়র জামিনে মুক্ত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন অথচ চট্টগ্রামের নির্বাচিত মেয়রকে দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না। তাকে অবিলম্বে দায়িত্ব পালনের সুযোগ করে দিতে হবে।"
এছাড়া যে কোন সমস্যার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার পথ যেন খোলা থাকে সেজন্য সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান নির্বাচনের আগের দিন পর্যন্ত সংলাপের দরজা খোলা রাখার ব্যাপারে যে কথা বলেছেন তাকে সাধুবাদ জানান আশরাফ ।
জামায়াতে ইসলামীর নাম পরিবর্তন ও গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের স্বীকৃতি অন্তর্ভূক্তির বিষয়টি কিভাবে দেখছেন- এ প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন," নামে কি আসে যায় ? কর্মে কি পরিবর্তন হয় সেটা দেখেন।"
ভিন্ন নামে জঙ্গি দল হরকাতুল জিহাদের (হুজি) নিবন্ধনের আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন " নির্বাচন কমিশন এ বিষয়টি পরীক্ষা করে দেখবে বলে আশা করি।"
সৈয়দ আশরাফুল জানান সভাপতিমণ্ডলীর সভায় ৩ নভেম্বর জেল হত্যা দিবসের কর্মসূচীও ঠিক করা হয়।
এদিন সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও বিকাল তিনটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
মঙ্গলবারই কারামুক্ত সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দিন খান আলমগীর বৈঠকের শেষ পর্যায়ে অংশ নেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২৩১ঘ.
bdnews24